আজকের দিনেবাংলার আয়না

ভাঙ্গর কলেজে পালাবদল এর ইঙ্গিত , টিএমসিপিকে হটিয়ে ঝান্ডা গাড়ল আইএসএফ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- রাজ্যে রাজনৈতিক পালাবদলের ঢেউ এবার আছড়ে পড়ল ভাঙ্গড় কলেজে। রাতারাতি কলেজ চত্বর থেকে উধাও তৃণমূল ছাত্র পরিষদের পতাকা। তার জায়গায় মাথা তুলল আইএসএফের ছাত্র সংগঠন এর ঝান্ডা। ভাঙ্গড়ের ছাত্র রাজনীতিতে বড়সড় ভূমিকম্প।

স্থানীয় সূত্রের খবর, 2026 বিধানসভায় নওশাদ সিদ্দিকীর জয়ের পর থেকেই ভাঙ্গরে শক্তি বৃদ্ধি করছিল আইএসএফ। তারই প্রতিফলন দেখা গেল ভাঙ্গর কলেজ চত্বরে। সোমবার সকালে ছাত্রছাত্রীরা কলেজে ঢুকে দেখেন টিএমসিপির সমস্ত ব্যানার, ফেস্টুন খুলে ফেলা হয়েছে। তার বদলে গেট থেকে শুরু করে ইউনিয়ন রুম পর্যন্ত উড়ছে আইএসএফের ছাত্র সংগঠনের নীল-সাদা পতাকা।
কলেজ দখলের এই ছবি ভাঙ্গড়ের বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণেরই প্রতিচ্ছবি। তৃণমূলের গড়ে আইএসএফের এই থাবা ছাত্র রাজনীতিতে নতুন মেরুকরণের বার্তা দিচ্ছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তবে ক্যাম্পাসের দখল নিয়ে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

রাজনৈতিক মহলের দাবি, ভোটের ফল প্রকাশের পর থেকেই ভাঙ্গর জুড়ে আইএসএফের সংগঠন সক্রিয়তার পরিমাণ বেড়েছে। কলেজ দখলের এই ঘটনা সেই শক্তিবৃদ্ধিরই ইঙ্গিত। ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কলেজ ক্যাম্পাসে। যদিও টিএমসিপির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া মেলেনি। আগামী দিনে ভাঙ্গর কলেজের ছাত্র রাজনীতি কোন পথে যায়, সেদিকেই তাকিয়ে জেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *