Shankar Ghosh Meets US Consul General : মার্কিন কনসাল জেনারেলের সঙ্গে বৈঠকে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, আমেরিকান পর্যটকদের সুরক্ষায় বড় পদক্ষেপ রাজ্যের !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- পশ্চিমবঙ্গে মার্কিন পর্যটকদের নিরাপত্তা ও পর্যটন সহযোগিতা বাড়াতে আজ নিউ সচিবালয়ে রাজ্যের পর্যটনমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল।
পর্যটন দপ্তরের সচিবালয়ে নিজের চেম্বারে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন রাজ্যের সংসদীয় ও পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ। প্রতিনিধি দলে ছিলেন কলকাতায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল ক্যাথরিন জাইলস-ডিয়াজ এবং কনস্যুলার সেকশন চিফ নোয়া হোগান। বৈঠকের শুরুতেই মন্ত্রী ঐতিহ্যবাহী উত্তরীয়, ফুলের তোড়া এবং বাংলার বিখ্যাত ডোকরা শিল্পে নির্মিত দেবী দুর্গা ও তাঁর পরিবারের মূর্তি দিয়ে অতিথিদের স্বাগত জানান।(Shankar Ghosh Meets US Consul General)
বৈঠকে মূলত পশ্চিমবঙ্গে আগত আমেরিকান পর্যটকদের সুরক্ষা নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান রাজ্য সরকার পর্যটকদের সুরক্ষায় ২৩টি জেলায় ২৪ ঘণ্টার হেল্পলাইন এবং একটি কেন্দ্রীয় ৩৬৫ দিনের রাজ্য হেল্পলাইন চালু করতে চলেছে। তিনি কনসাল জেনারেলকে অনুরোধ করেন যাতে মার্কিন পর্যটকরা নিরাপদ ভ্রমণের জন্য সরকারি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট অ্যাপ ব্যবহার করে শুধুমাত্র সরকার নিবন্ধিত হোটেল, হোমস্টে, ট্রাভেল এজেন্ট এবং পরিবহন পরিষেবা বুক করেন। জবাবে কনসাল জেনারেল পর্যটন অ্যাপ এবং পর্যটন দপ্তরের ওয়েবসাইটে ভিসা আবেদনের সুবিধা যুক্ত করার প্রস্তাব দেন। মন্ত্রী সেই প্রস্তাবকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তা কার্যকর করার আশ্বাস দেন এবং কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক উড়ান চালুর পরিকল্পনার কথাও জানান, যাকে স্বাগত জানান কনসাল জেনারেল।(Shankar Ghosh Meets US Consul General)
গোটা বৈঠক অত্যন্ত ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়েছে বলে উভয়পক্ষই গভীর সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতে পর্যটনের উন্নয়ন, বাংলার সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরা এবং পর্যটকদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সবরকমভাবে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছেন উভয়েই।(Shankar Ghosh Meets US Consul General)
