NEPAL FLASH FLOOD: ‘ভারত-সহ তিন দেশের দূষণেই বিপর্যয়’! ক্ষতিপূরণ চেয়ে রাষ্ট্রপুঞ্জে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও হড়পা বানের জন্য ভারত, চিন ও আমেরিকার দূষণকে দায়ী করল কাঠমান্ডু। গ্রিনহাউস গ্যাস নির্গমনে এই তিন দেশই শীর্ষে, যার খেসারত দিচ্ছে নেপালের মতো দুর্বল দেশগুলি (NEPAL FLASH FLOOD) । ক্ষতিপূরণের দাবিতে সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় সরব হতে পারেন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ।
নেপালের বিদেশমন্ত্রী শিশির খনাল জানিয়েছেন, “আমরা সাহায্য নয়, ন্যায়বিচার ও ক্ষতিপূরণ চাইছি (NEPAL FLASH FLOOD) । এটা দয়াদাক্ষিণ্য নয়, নৈতিক ও আইনগত দায়বদ্ধতা।” কাঠমান্ডুর প্রাথমিক হিসাবে বিপর্যয় সামলাতে প্রয়োজন ৫০০ কোটি ডলার। রাষ্ট্রপুঞ্জের জলবায়ু তহবিল থেকে জরুরি সাহায্যের আবেদন জানালেও নেপাল স্পষ্ট করেছে, অনুদান নয়, ক্ষতিপূরণ চায় তারা এবং সেই টাকা দিতে হবে সবচেয়ে বেশি দূষণকারী তিন দেশকেই।
এর আগে জলবায়ু পরিবর্তন বিভাগের প্রধান মহেশ্বর ধাকালও ধনী দেশগুলির লাগাতার গ্রিনহাউস গ্যাস নির্গমনকে তিব্বত সীমান্তে হিমবাহ ধস ও হড়পা বানের কারণ হিসেবে চিহ্নিত করেছিলেন। ৮ সেপ্টেম্বর থেকে নিউ ইয়র্কে শুরু হতে চলা রাষ্ট্রপুঞ্জের ৮১তম সাধারণ সভায় প্রথমে বিদেশমন্ত্রীর যাওয়ার কথা থাকলেও, দাবি জোরালো করতে স্বয়ং প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহই বক্তব্য রাখবেন বলে সিদ্ধান্ত হয়েছে (NEPAL FLASH FLOOD)।
এদিকে নেপাল পুলিশ জানিয়েছে, ২৬ আগস্টের বিপর্যয়ের পর বুধবার সকাল পর্যন্ত ১,১২৭ জনের দেহ উদ্ধার হয়েছে, এখনও নিখোঁজ ৪,৮৫৮ জন।
প্রতিবেশী ভারত ও চিনের ওপর নির্ভরশীল হয়েও সরাসরি তাদের নাম করে ক্ষতিপূরণ চাওয়ায় আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মোড় নিয়েছে নেপালের এই পদক্ষেপ। রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রী শাহের বক্তব্যের দিকেই এখন তাকিয়ে বিশ্ব।
