High Court-Sebashray Case : “পুলিশকে ডেকে পাঠাব?” সেবাশ্রয় মামলায় কড়া পর্যবেক্ষণ প্রধান বিচারপতির, সরাতেই হবে নির্মাণ !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে মানুষকে পরিষেবা দিতে সেবাশ্রয় চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সেবাশ্রয় নিয়েই এবার বড় ধাক্কা। ফলতায় সেবাশ্রয়ের বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।(High Court-Sebashray Case)
আজ বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। মামলাকারী আইনজীবী আমিনুদ্দিন খানের অভিযোগ, ফলতা বিডিও অফিসের পাশের খেলার মাঠ দখল করে সম্পূর্ণ বেআইনিভাবে সেবাশ্রয়ের দুটি নির্মাণ তৈরি করা হয়েছে। সেই নির্মাণ ভেঙে ফেলার আবেদন জানান তিনি।
দীর্ঘ শুনানি শেষে আদালত কড়া পর্যবেক্ষণে বলে, “অস্থায়ী নির্মাণ সরিয়ে দিন। পুলিশকে ডেকে পাঠাব? নাকি রাজ্য পুলিশকে সরিয়ে দিতে বলবে?”(High Court-Sebashray Case)
আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে। তার মধ্যেই মামলার যাবতীয় পদ্ধতিগত প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর থেকেই সেবাশ্রয়কে কেন্দ্র করে একাধিক অভিযোগ উঠছে। চিকিৎসার মান থেকে ওষুধ বিতরণ — নানা অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক থানায় এফআইআরও দায়ের হয়েছে। এর মধ্যেই ফলতার এই নির্দেশে আরও চাপ বাড়ল ডায়মন্ড হারবারের সাংসদের।(High Court-Sebashray Case)
ফলতার খেলার মাঠ দখল করে গড়ে ওঠা সেবাশ্রয়ের নির্মাণ নিয়ে হাইকোর্টের এই কড়া অবস্থানে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। আগামী সপ্তাহের শুনানির দিকে তাকিয়ে সব পক্ষ।
