উলুবেড়িয়ায় তীব্র পানীয় জলের সঙ্কট, বালতি নিয়ে রাস্তা অবরোধ এলাকাবাসীর
কিউ ইন্ডিয়া বাংলা:- পাইপ লাইনে ৪ দিন ধরে জল না আসায় ক্ষুব্ধ বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়া-শ্যামপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন ২৩ নম্বর ওয়ার্ডের জগদীশপুর ঘোষপাড়ার মানুষ। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় প্রায় শতাধিক পরিবার বসবাস করে। পুরসভার পাইপ লাইনের মাধ্যমেই প্রতিটি বাড়িতে পানীয় জল যায়। কিন্তু গত ৪ দিন ধরে পাইপ দিয়ে পরিষ্কার জল আসছে না। এলাকাবাসীর দাবি, বারবার পুরসভাকে জানিয়েও লাভ হয়নি। কাউন্সিলর তানভি নিজাম মোল্লাকে বলার পর সোমবার একটা মাত্র জলের ট্যাঙ্কার পাঠানো হয়েছিল। তাতে এতগুলো পরিবারের জল কুলোয় না। ক্ষুব্ধ বাসিন্দারা বৃহস্পতিবার সকালে বালতি নিয়ে উলুবেড়িয়া-শ্যামপুর রাস্তা অবরোধ করেন। প্রায় আধঘণ্টা বিক্ষোভের পর উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দাদের সঙ্গে কথা বলে। এরপর অবরোধ ওঠে। অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর তানভি নিজাম মোল্লা। তাঁর দাবি, “জলের সমস্যা শোনার পরেই পুরসভার জল বিভাগকে জানিয়েছি। মঙ্গলবার মিস্ত্রি না পাওয়ায় কাজ শুরু করা যায়নি। তবে ট্যাঙ্কার পাঠানো হয়েছিল।” পুরসভা সূত্রে খবর, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাইপ লাইন মেরামত করা হলেও সমস্যা মেটেনি। বৃহস্পতিবার সরকারি ছুটি থাকায় কাজ বন্ধ ছিল। এলাকায় জলের গাড়ি পাঠানো হয়েছে।
পুরসভার আশ্বাস, শীঘ্রই পাইপ লাইন মেরামত করে জল সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে বারবার অভিযোগ জানিয়েও সুরাহা না হওয়ায় ক্ষোভ বাড়ছে ঘোষপাড়ার বাসিন্দাদের।
