RUSSIAN CRUDE OIL : মাথা নোয়াবে না দিল্লি! রুশ তেলে নিষেধাজ্ঞা বিল পাস হতেই আমেরিকাকে কড়া জবাব ভারতের
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মার্কিন কংগ্রেসে ‘রাশিয়া ও ইরানের উপর নিষেধাজ্ঞা বিল’ পাস হওয়ার পর রুশ তেল নিয়ে কড়া অবস্থান নিল ভারত (RUSSIAN CRUDE OIL)। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হল, ১৪০ কোটি দেশবাসীর জ্বালানি সুরক্ষাই নয়াদিল্লির কাছে অগ্রাধিকার।
বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে পাস হওয়া বিল অনুযায়ী, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কিনলে ভারত, চিন-সহ ৫টি দেশের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাতে পারবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (RUSSIAN CRUDE OIL)। ট্রাম্প স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে।
এই পরিস্থিতিতে বিবৃতি জারি করে বিদেশমন্ত্রক জানিয়েছে, বিষয়টির উপর কড়া নজর রাখছে ভারত (RUSSIAN CRUDE OIL)। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং বাজারের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ চালিয়ে যাবে।
মন্ত্রক আরও জানায়, গত কয়েক মাস ধরে রাশিয়া-ভারত তেল বাণিজ্য নিয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর প্রভাব নিয়েও ভারত নিজের অবস্থান স্পষ্ট করেছে।
উল্লেখ্য, গত বছর এই বিলের প্রস্তাব করেছিলেন সদ্য প্রয়াত মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি ৫০০ শতাংশ শুল্কের প্রস্তাব দিয়েছিলেন। তাঁর মৃত্যুর পর বিলটি সংশোধন করে শুল্ক কমিয়ে ১০০ শতাংশ করা হয়।
সব মিলিয়ে বার্তা স্পষ্ট — মার্কিন চাপের মুখে মাথা নোয়াবে না নয়াদিল্লি। বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় শিল্প সংস্থাগুলির সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে সরকার।
