Russia- Ukraine: ফের ইউক্রেনে ক্ষেপনাস্ত্র হামলা রাশিয়ার, মৃত ২৭, বাঙ্কারে আশ্রয় নিল মানুষ
কিউ ইন্ডিয়া বাংলা- চারিদিকে শুধুই যুদ্ধ! বারুদ আর গোলাগুলি! এবার মধ্যপ্রাচ্য কিছুটা শান্ত হলেও শান্ত হল না ইউরেশিয়া। হামলা পালটা হামলায় রাশিয়া ও ইউক্রেন দুই দেশেই ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ মানুষ। এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালাল রাশিয়া। বৃহস্পতিবার গোটা কিয়েভ জুড়ে রাশিয়ার হামলায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত বহু মানুষ। জানা গেছে, চলতি বছরে ইউক্রেনের উপর এটাই সবচেয়ে বড় হামলা রাশিয়ার। বৃহস্পতিবার রাত থেকে গোটা কিয়েভ জুড়ে তাণ্ডব চালাল রাশিয়া।
ড্রোন হামলা থেকে শুরু করে কয়েজ ডজন ক্ষেপনাস্ত্র ছোড়া হয়। ইউক্রেনের তরফে বলা হয়েছে, রাশিয়ার তরফে অন্তত ৭৪টি ক্ষেপনাস্ত্র ও ৪৯৬টি ড্রোন ছোড়া হয়। গোটা রাত জুড়ে রাজধানীতে বিকট শব্দ। এই হামলা থেকে বাঁচতে মানুষ ওই রাতে বাঙ্কার ও ভূগর্ভস্ত মেট্রো স্টেশনগুলিতে নিজেদের আড়াল করেন। গোটা শহর কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই হামলায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু নিশ্চিত করেছে ইউক্রেন প্রশাসন। শুরু হয়েছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। হামলার জেরে শহরের ১৩০টি ভবন ধ্বংস হয়েছে।
রাশিয়ার তরফে যখন এই হামলা চলছিল তখন বিদেশ সফরে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। খবর পেয়েই আয়ারল্যান্ড সফর সেরে দেশে ফেরেন তিনি। এই হামলার জন্য পশ্চিমি দেশগুলিকে নিশানা করেন তিনি। বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী যদি সঠিক সময়ে ইউক্রেনকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করত, তাহলে এত ক্ষয়ক্ষতি হত না। তিনি বলেন, আমরা কোনও অতিরিক্ত সাহায্য চাইছি না। কিন্তু যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটা অন্তত সরবরাহ করা উচিত ছিল। অপরদিকে রাশিয়া এই হামলাকে ইউক্রেনের হামলার জবাব বলে দাবি করেছে।
