রথযাত্রায় পুরী যেতে বিশেষ ট্রেন পূর্ব রেলের
কিউ ইন্ডিয়া বাংলা, ওড়িশা:- আগামী ১৬ জুলাই রথযাত্রা। জগন্নাথদেবের দর্শনে পুরীগামী ভক্ত ও পর্যটকদের জন্য বড় ঘোষণা পূর্ব রেলের। ভিড় সামলাতে ও যাত্রীদের সুবিধার জন্য মালদহ টাউন-পুরী রুটে চালানো হচ্ছে বিশেষ ট্রেন। মালদহ ডিভিশনের ডিআরএম মণীশকুমার গুপ্তা জানিয়েছেন, ট্রেনে জেনারেল, স্লিপার ও এসি কোচের ব্যবস্থা থাকছে।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ০৩৪০৩ মালদহ টাউন-পুরী স্পেশাল মোট দু’দিন চলবে। আগামী ১৪ জুলাই ও ২২ জুলাই দুপুর ১টা ১০ মিনিটে মালদহ টাউন স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি। পরের দিন ভোর ৫টা ৩০ মিনিটে পুরী পৌঁছবে।
ফিরতি পথে ০৩৪০৪ পুরী-মালদহ টাউন স্পেশাল চলবে ১৭ জুলাই ও ২৫ জুলাই। পুরী স্টেশন থেকে সন্ধ্যা ৬টায় ছেড়ে পরের দিন সকাল ৯টা ২০ মিনিটে মালদহ পৌঁছবে।
যাত্রাপথে ট্রেনটি নিউ ফরাক্কা, পাকুড়, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান, ডানকুনি, আন্দুল, খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর-কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে থামবে। ফলে মালদহ ছাড়াও বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুরের যাত্রীরাও উপকৃত হবেন।
মালদহ ডিভিশনের ডিআরএম মণীশকুমার গুপ্তা বলেন, “রথযাত্রা উপলক্ষে ভক্ত ও পর্যটকদের সুবিধার জন্যই এই বিশেষ ট্রেন। জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এসি কোচ— সব ধরনের ব্যবস্থাই থাকছে।” তবে টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি রেল। খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ডিআরএম।
রথযাত্রার সময় প্রতি বছরই পুরীতে ভক্তদের ঢল নামে। ট্রেনের টিকিটের চাহিদাও থাকে তুঙ্গে। এই পরিস্থিতিতে পূর্ব রেলের বিশেষ ট্রেনের ঘোষণায় স্বস্তিতে ভক্ত ও পর্যটকরা। রেলের তরফে জানানো হয়েছে, বুকিং শুরুর তারিখ ও বিস্তারিত সময়সূচি শীঘ্রই প্রকাশ করা হবে। আগ্রহী যাত্রীদের আইআরসিটিসি ওয়েবসাইট ও রেলের বিজ্ঞপ্তিতে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
