আজকের দিনেতিলোত্তমা

আরজি কর মামলার শুনানি বিশেষ ডিভিশন বেঞ্চে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- সময়ের অভাবে আরজি করের নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলা থেকে অব্যাহতি নিল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। এর আগে একই কারণ দেখিয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চও মামলা থেকে সরে দাঁড়িয়েছিল। তাই মামলাটি বিশেষ ডিভিশন বেঞ্চে পাঠালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এ বার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিশেষ ডিভিশন বেঞ্চে আরজি করে পড়ুয়া-চিকিৎসককে ধর্ষণ ও খুন সংক্রান্ত মামলার শুনানি হবে।

আরজি কর মামলায় এর আগে বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল। মূল আসামি সঞ্জয় রায় ও প্রয়োজনে সন্দেহভাজন অন্য ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি নির্যাতিতার মা-বাবার দায়ের করা দুটি অতিরিক্ত হলফনামার প্রেক্ষিতে সিবিআইকে রিপোর্ট আকারে বক্তব্য জানানোর নির্দেশ দেয় বেঞ্চ। গত মঙ্গলবার মুখবন্ধ খামে সেই রিপোর্ট জমা দেয় সিবিআই। তার পরেই মামলাটি থেকে সরে দাঁড়ানোর কথা জানায় বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ। মামলা থেকে অব্যাহতি নেওয়ার সময় বিচারপতি মান্থা বলেন, ‘মামলাগুলির দ্রুত শুনানির প্রয়োজন। আরজি করের এই ঘটনা নিয়ে গোটা রাজ্য উদ্বিগ্ন, আমরাও চিন্তিত। তাই আমাদের মনে হয়, উপযুক্ত বিচার পাওয়ার জন্য বিস্তারিত শুনানির সময় রয়েছে এমন কোনও বিচারপতিদের বেঞ্চে এই মামলাগুলি পাঠানো হোক।’ পাশাপাশি তাঁর পর্যবেক্ষণ ছিল, ‘সম্ভবত আরজি করের ঘটনার অনুসন্ধানে বিচারবিভাগীয় কমিশন গঠন করতে চলেছে রাজ্য সরকার।’ এর আগে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চও সময়ের অভাবে মামলা থেকে অব্যাহতি নেয়। পরপর দুটি বেঞ্চ সরে দাঁড়ানোয় মামলার শুনানি থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই জট কাটাতে প্রধান বিচারপতি সুজয় পাল বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে মামলাটি পাঠান।

আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবার দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়ে আসছে। পরপর দুটি বেঞ্চ সময়ের অভাবে সরে দাঁড়ানোয় শুনানিতে বিলম্ব হচ্ছিল। এবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিশেষ বেঞ্চে মামলার শুনানি শুরু হলে দ্রুত নিষ্পত্তির আশা করছে নির্যাতিতার পরিবার ও আইনজীবী মহল। সিবিআইয়ের মুখবন্ধ রিপোর্ট নিয়েও নতুন বেঞ্চে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *