আজকের দিনেবাংলার আয়না

চিতা থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা গোপনে মৃতদেহ দাহ করার চেষ্টা করছেন এমন খবর পেয়ে পুলিশ শ্মশানে হানা দিয়ে জ্বলন্ত চিতা থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিনয় বিশ্বাস (৭৭)। তিনি বারুইপুর থানার উত্তরভাগ এলাকার বাসিন্দা ছিলেন। কয়েক দিন আগে তিনি সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত সাতজেলিয়া পঞ্চায়েতের পাথরপাড়া গ্রামে তাঁর শ্যালিকার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই আচমকা তাঁর মৃত্যু হয়। তাঁর দুই স্ত্রী, বকুল বিশ্বাস ও রেবা বিশ্বাস, বহু বছর আগেই প্রয়াত হয়েছেন।

অভিযোগ, বৃদ্ধের মৃত্যুর খবর স্থানীয়ভাবে কাউকে জানানো হয়নি। এমনকি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না করেই পরিবারের সদস্যরা গোপনে মৃতদেহ নিয়ে স্থানীয় একটি শ্মশানে পৌঁছে যান এবং দ্রুত দাহকার্যের প্রস্তুতি শুরু করেন।

গোপন সূত্রে খবর পেয়ে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ দ্রুত শ্মশানে পৌঁছে যায়। সেখানে উপস্থিত আত্মীয়দের কাছে মৃতদেহ দাহের জন্য প্রয়োজনীয় নথিপত্র চাইলে তারা কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এরপরই পুলিশ দাহ প্রক্রিয়া বন্ধ করে চিতা থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কেন মৃত্যুর বিষয়টি গোপন রেখে এত তড়িঘড়ি দাহের চেষ্টা করা হয়েছিল, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *