বারাণসীর মেডিক্যাল কলেজে রহস্যমৃত্যু উত্তরপাড়ার ডাক্তারি পড়ুয়ার, উদ্ধার সুইসাইড নোট
কিউ ইন্ডিয়া বাংলা- বারাণসীর মেডিক্যাল কলেজ থেকে উদ্ধার এক ডাক্তারি পড়ুয়ার দেহ। এই ছাত্র উত্তরপাড়ার বাসিন্দা বলে খবর। খবর পেয়েই বারাণসী পৌঁছেছেন মৃত ছাত্রের বাবা ও মা। মৃত্যর আগের পাঁচদিন ছেলের সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছেন ছাত্রের বাবা। কী কারণে এই মৃত্যু তা নিয়ে তদন্ত শুরু করেছে বারাণসী পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম ঋত্বিক কুণ্ডু। তিনি উত্তরপাড়ার ১৪ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্র এভিনিউ এলাকায় বাসিন্দা ছিলেন। ঋত্বিকের বাবা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী। মা গৃহবধূ। দুই ভাই-বোনের মধ্যে ঋত্বিক ছোট। দিদির বিয়ে হয়ে গিয়েছে। এলাকায় ছোট থেকেই মেধাবী বলে পরিচিত ছিল ঋত্বিক। জয়েন্ট এন্ট্রান্সে ভাল ফলের পর প্রথমে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন। পরে সে সুযোগ পান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। সেখানে হস্টেলে থেকেই পড়াশোনা করতেন। একটি ঘরে একাই থাকতেন। এমবিবিএসের শেষবর্ষের পডুয়া ছিলেন ঋত্বিক।
পুলিশ হস্টেলের ঘরের দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করে। সূত্র মারফত জানা যাচ্ছে, পুলিশ তল্লাশির সময় একটি সুইসাইড নোট পেয়েছে। তাতে কী লেখা আছে, তা জানায়নি পুলিশ। কথা বলা হচ্ছে ঋত্বিকের সহপাঠী ও অন্যান্য পড়ুয়াদের।কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলছে পুলিশ।
ঋত্বিকের এই খবর শুনে ভেঙে পড়েছে তার ছোটবেলার বন্ধুরা। এত মেধাবী, গুণী ছেলের আকস্মিক মৃত্যুরে স্তব্ধ উত্তরপাড়ার রাজেন্দ্র অ্যাভিনিউয়ে বাসিন্দারা।
