শপথের পর চেনা ছন্দে শংকর ঘোষ, এনজেপি থেকে স্কুটি চালিয়ে ফিরলেন বাড়ি
কিউ ইন্ডিয়া বাংলা,নিজস্ব প্রতিনিধি :- শপথ গ্রহণের পর ফের চেনা ছন্দেই শহরে ফিরলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। মঙ্গলবার কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর পর কোনও কনভয় নয়, স্কুটি নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিধায়কের এই সাধারণ জীবনযাপন নজর কেড়েছে কর্মী-সমর্থকদের।
বিভিন্ন সময় শহরের রাস্তায় স্কুটি চালিয়ে ঘুরতে দেখা যায় শংকর ঘোষকে। এবারও তার ব্যতিক্রম হল না। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে শিলিগুড়ি ফিরে সাধারণ মানুষের মতোই স্কুটিতে চেপে বাড়ি ফিরতে দেখা গেল বিধায়ককে। কলকাতা থেকে ট্রেনে এনজেপি স্টেশনে নামার পর সেখানেই তাঁর জন্য অপেক্ষা করছিল স্কুটি।এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে বিজেপি কর্মী-সমর্থকেরা ফুলের মালা ও খাদা দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। স্টেশন চত্বরে তৈরি হয় উৎসবের আবহ। কিছুক্ষণ কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি নিজেই স্কুটি চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে সাধারণ মানুষের সঙ্গে হাত নাড়িয়ে শুভেচ্ছা গ্রহণ করেন।দলীয় কর্মীদের দাবি, বিধায়ক হয়েও মাটির কাছাকাছি থাকাই শংকর ঘোষের বৈশিষ্ট্য। ভিআইপি কালচারের বাইরে গিয়ে সাধারণ মানুষের মতো চলাফেরা করতেই তিনি স্বচ্ছন্দ। বিধায়কের এই ভঙ্গি ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যেও বাড়তি উৎসাহ দেখা গিয়েছে।
শপথ নেওয়ার পরেও বদলাল না শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের জীবনযাপন। কনভয় ছেড়ে স্কুটি চালিয়ে বাড়ি ফিরে ফের বুঝিয়ে দিলেন, তিনি ‘চেনা ছন্দে’ই থাকতে চান। বিধায়কের এই সাধারণ চলাফেরা শিলিগুড়ির রাজনীতিতে নতুন বার্তা দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
