কমবে যাতায়াতের ভোগান্তি: ৩টি নতুন এসি রুটের পাশাপাশি রাস্তায় নামছে ৪৭০টি নতুন সরকারি বাস!
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রাজ্যের যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে গণপরিবহণ ব্যবস্থায় একগুচ্ছ বড়সড় পদক্ষেপের ঘোষণা করা হলো। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করতে রাজ্যে যুক্ত হতে চলেছে আরও ৩টি নতুন এসি বাস সার্ভিস। মূলত বিভিন্ন গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা, বাণিজ্যিক কেন্দ্র, হাসপাতাল এবং প্রধান পরিবহন হাবগুলোকে একে অপরের সঙ্গে দ্রুত জুড়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে এই নতুন রুটের তথ্য শেয়ার করেছেন।
নতুন ৩টি এসি বাস রুট:
১. এসি-৫৮ (AC-58): ইকোস্পেস (নিউ টাউন) থেকে সোনারপুর
২. এসি-২৪ (AC-24): ঢালাই ব্রিজ (পাটুলি) থেকে হাওড়া স্টেশন
৩. এসি-৫৭ (AC-57): কল্যাণী বড়জাগুলি মোড় থেকে করুণাময়ী (সল্টলেক)
এই নতুন রুটগুলো চালু হওয়ার ফলে একদিকে যেমন অফিসযাত্রী ও সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ এবং আরামদায়ক হবে, তেমনই আগের চেয়ে অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে।
রাস্তায় নামছে ৪৭০টি নতুন সরকারি বাস:
সম্প্রতি রাজ্যে সরকারি বাসের বেহাল দশা এবং সংখ্যা কমে যাওয়া নিয়ে কার্যত অকপট স্বীকারোক্তি শোনা গেছিল পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের গলায়। তিনি বলেন, “আমাদের কাছে পর্যাপ্ত সরকারি বাস নেই, আমরা জানি পরিস্থিতি খুবই খারাপ। ৪ মাস আগে ৬০টি বাস এসেছিল, সেগুলো এখন রাস্তায় চলছে। তবে খুব দ্রুত আরও ৪৭০টি নতুন সরকারি বাস আনার চেষ্টা চালানো হচ্ছে।”
ক্যানসার হাসপাতালের রোগীদের জন্য বিশেষ সুবিধা:
হাসপাতালের উদ্দেশে যাতায়াতকারী রোগী, তাঁদের পরিবারের সদস্য এবং সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে নিউটাউনের টাটা মেমোরিয়াল সেন্টার তথা টাটা ক্যানসার হাসপাতালে যাতায়াত আরও সহজ করতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। এই নতুন রুটে পাঁচটি নতুন বাস নামানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে, বর্তমানে চালু থাকা তিনটি গুরুত্বপূর্ণ বাস রুটেও অতিরিক্ত পাঁচটি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নারীদের জন্য ‘ফ্রি বাস পরিষেবা’ ও পিঙ্ক কার্ড:
বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার পরই প্রতিশ্রুতি মতো মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা শুরু করেছে বর্তমান বিজেপি সরকার। শীঘ্রই মহিলাদের জন্য ‘পিঙ্ক কার্ড’ চালু হওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এই প্রকল্প কার্যকর করতে সরকারের প্রায় ৩০০ কোটি টাকা খরচ হবে। যদিও রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটে এর আগেই মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের পরিকল্পনার জন্য সাড়ে ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়েছিল।
বর্তমানে রাজ্যের একাধিক সরকারি পরিবহণ সংস্থা— যেমন WBTC, SBSTC এবং NBSTC-র বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাচ্ছেন। শুধু সাধারণ বাস নয়, সরকারি এসি বাস, দূরপাল্লার বাস, এমনকি ভলভো ও দ্রুতগামী বাসেও এই সুবিধা মিলছে।
রাজ্য সরকারের একের পর এক এই ইতিবাচক সিদ্ধান্তে সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াতে ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
