Sports-TMC : মমতার ভাই বাবুন-সহ সুজিত বসুকে ফের নোটিস BOA-র, ‘এক ব্যক্তি এক পদ’ মানছেন না দুজনেই !
কিউ ইন্ডিয়া বাংলা:- ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) ‘এক ব্যক্তি এক পদ’ নীতি লঙ্ঘনের অভিযোগে বিতর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় ও ধৃত প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। ১৫ দিন আগে চিঠি দেওয়া সত্ত্বেও একাধিক পদ আঁকড়ে থাকার অভিযোগ উঠেছে। ফের দুজনকেই নোটিস দিচ্ছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন।
বাবুন বন্দ্যোপাধ্যায় বর্তমানে বক্সিং অ্যাসোসিয়েশনের সচিব, রাজ্য টেবিল টেনিস সংস্থার প্রেসিডেন্ট, রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও রাজ্য কবাডি অ্যাসোসিয়েশনের সচিব পদে রয়েছেন। অন্যদিকে ধৃত সুজিত বসু এখনও রাজ্য জুডো অ্যাসোসিয়েশন ও হকি বেঙ্গলের প্রেসিডেন্ট।
BOA সচিব জহর দাস জানান, “ভোটের পরেই ‘এক প্রার্থী এক পদ’ নীতি মেনে আমরা চিঠি দিয়েছি। সুজিত বসু ও প্রাক্তন সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছে। আরও চিঠি দেওয়া হবে। বক্সিং, টেবিল টেনিস এবং হ্যান্ডবল, এই তিনটি সংস্থায় বিভিন্ন পদে ছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়।”
এদিকে পালাবদলের পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরেক ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ‘দখলমুক্ত’ হয়েছে হরিশ পার্ক ক্লাব। দীর্ঘদিন হরিশ পার্ক ব্যায়াম সমিতি দখল করে রাখার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, পার্কের পাশে ছেলে আবেশের জন্য ব্যাডমিন্টন কোর্ট তৈরি করেছিলেন কার্তিক। আবেশ অনুশীলনের সময় অন্যদের প্রবেশ নিষিদ্ধ থাকত। ৪ঠা মে-র পর প্রাক্তন সদস্য ও সাধারণ নাগরিকরা পুনরায় ক্লাবের দখল নিয়েছেন।
‘এক ব্যক্তি এক পদ’ নীতি কার্যকর করতে কড়া অবস্থান নিয়েছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন। বাবুন বন্দ্যোপাধ্যায় ও সুজিত বসুর বিরুদ্ধে পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন নজর ক্রীড়ামহলের। পাশাপাশি হরিশ পার্ক ক্লাব দখলমুক্ত হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।
