আজকের দিনেবাংলার আয়না

মুর্শিদাবাদ ট্রেন দুর্ঘটনা: ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা রেলের!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর এবার বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। কর্তব্যে গাফিলতির অভিযোগে ইতিপূর্বেই গেটম্যান ও সুপারভাইজারকে সাসপেন্ড করা হলেও, এবার দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি, এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ও আহতদের জন্য বড়সড় আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।

মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা সাহায্য

রেলের তরফে জানানো হয়েছে, কর্ণসুবর্ণের এই লেভেল ক্রসিং দুর্ঘটনায় মৃত ৩ জনের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসার জন্য আড়াই লক্ষ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছে ভারতীয় রেল।

সিগন্যালে ত্রুটি ছিল না, গাফিলতি কর্মীদেরই: পূর্ব রেল

দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছান রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, শুক্রবার সকালে যখন কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে এই বিপর্যয় ঘটে, তখন সিগন্যালিং ব্যবস্থায় কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না। সিগন্যাল মেনেই আসছিল নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি। ইন্টারলকিং গেট পরিচালনায় নিযুক্ত গেটম্যান ও সুপারভাইজারের চরম গাফিলতির কারণেই গেট খোলা ছিল এবং এই দুর্ঘটনাটি ঘটে। সেই কারণেই দু’জনকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে।

জেরায় মুখে কুলুপ ‘নেশাড়ু’ গেটম্যানের

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধৃত গেটম্যান ডিউটি চলাকালীন দিনভর মদ-গাঁজা খেয়ে নেশাগ্রস্ত থাকতেন। এর আগেও বহুবার গেট বন্ধ করে খুলতে ভুলে যেতেন তিনি। শুক্রবারও ঘটনার সময় গেটম্যান মদ্যপ অবস্থায় ছিলেন বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। ঘটনার পর উত্তেজিত জনতা তাকে কেবিনে তালাবন্ধ করে রাখলে পরবর্তীতে বহরমপুর থানার পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রের খবর, গ্রেপ্তারের পর গেট খোলা রাখার কারণ নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হলেও অভিযুক্ত গেটম্যান মুখে কুলুপ এঁটেছেন, একটি শব্দও উচ্চারণ করেননি।

রেলের ১০ সদস্যের বিশেষ কমিটি এবং পুলিশ যৌথভাবে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে। রেলের পরিকাঠামো ও কর্মীদের নজরদারি নিয়ে ওঠা একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *