আজকের দিনেতিলোত্তমারাজনীতি

Janatar Darbar : শুভেন্দুর ‘জনতার দরবারে’ চাঞ্চল্য: যাদবপুরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে দোকান দখলের নালিশ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, যাদবপুর :- বৃহস্পতিবার বিধাননগর বিজেপি কার্যালয়ে আয়োজিত ‘জনতার দরবারে’ সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন ভবানীপুরের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই মঞ্চেই চাঞ্চল্যকর অভিযোগ উঠল খোদ দলের যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। একই সঙ্গে অভিযোগের তালিকায় নাম জড়াল তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমারেরও।

অভিযোগকারীর নাম প্রতিমা রায়। তাঁর দাবি, গত ৩০ বছর ধরে তিনি শাড়ি ও জামাকাপড়ের দোকান চালাচ্ছেন। কিন্তু গত ১২ জুন রাতের অন্ধকারে সেই দোকান দখল করে নেওয়া হয়। প্রতিমা দেবীর অভিযোগ, বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় ঘটনাস্থলে না থাকলেও তাঁর দুই শাগরেদকে দিয়ে এই দখলদারি করানো হয়েছে।

যদিও যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, “অভিযোগকারী মহিলা সম্পূর্ণ অসত্য বলছেন। উনি সাব-টেনান্ট হিসেবে দীর্ঘদিন ধরে দোকানটি বেআইনি ভাবে আটকে রেখেছেন। মূল দোকান মালিক আমার কাছে সাহায্য চাইলে দলের কর্মীরা মধ্যস্থতা করে দোকান ছাড়তে বলেন। কোনও দখলদারি হয়নি।”
তিনি আরও বলেন, “বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে মানুষকে সঠিক বিচার দিতে, দখলদারি প্রশ্রয় দিতে নয়। আমি মুখ্যমন্ত্রীর ওপর সম্পূর্ণ আস্থাশীল। উনি জানতে চাইলে সব তথ্য-প্রমাণ তুলে ধরব।”

অন্যদিকে ‘জনতার দরবারে’ পঞ্জাবের বাসিন্দা এক মহিলা রাসবিহারীর প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের বিরুদ্ধে চার কাঠা জমি আত্মসাৎ করার অভিযোগ তোলেন। উল্লেখ্য, সম্প্রতি কালীঘাটের তৃণমূলের সঙ্গ ছেড়ে ঋতব্রত তৃণমূলে যোগ দিয়েছেন দেবাশিস।

দুটি অভিযোগই গুরুত্ব সহকারে শোনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সবক’টি বিষয় খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

খোদ দলের বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি অভিযোগ জমা পড়ার ঘটনায় রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের পর কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই এখন নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *