দু’দিন ধরে মোহনবাগান দিবস উদযাপন, মরণোত্তর ‘মোহনবাগান রত্ন’ পাচ্ছেন প্রয়াত অঞ্জন মিত্র
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ঐতিহাসিক ২৯ জুলাইকে সামনে রেখে এবার দু’দিন ব্যাপী মোহনবাগান দিবস পালনের সিদ্ধান্ত নিল ক্লাব। বুধবার কার্যকরী সমিতির বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে মরণোত্তর ‘মোহনবাগান রত্ন’ সম্মানে ভূষিত করার ঘোষণা হল। পাশাপাশি ঘোষিত হল এবারের অন্যান্য পুরস্কারপ্রাপকদের নামও।
বুধবার গোষ্ঠ পাল সরণির ক্লাব তাঁবুতে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কার্যকরী সমিতির ষষ্ঠ বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। শুরুতেই প্রয়াত মোহনবাগান রত্ন স্বপন সাধন ‘টুটু’ বোসের স্মৃতির উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বৈঠকে ঠিক হয়েছে, ২৯ জুলাই মোহনবাগান মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের সূচনা হবে। থাকছে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচও। ৩০ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
এবারের সর্বোচ্চ সম্মান ‘মোহনবাগান রত্ন’ পাচ্ছেন ২০১৯ সালে প্রয়াত ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। ১৯৯৫ সালে ক্লাব প্রশাসনে যুক্ত হওয়া অঞ্জন মিত্র টুটু বোসের সঙ্গে জুটি বেঁধে সবুজ-মেরুনের বহু উত্থানপতনের সাক্ষী ছিলেন।
অন্যান্য পুরস্কার:
– সেরা ফুটবলার – শিবদাস ভাদুড়ি পুরস্কার: আলবার্তো রডরিগেজ
– সেরা ফরোয়ার্ড – সুভাষ ভৌমিক পুরস্কার: লিস্টন কোলাসো
– সেরা যুব ফুটবলার: সুহেল আহমেদ ভাট
– সেরা ক্রীড়া সাংবাদিক – মতি নন্দী পুরস্কার: গৌতম ভট্টাচার্য
– সেরা ক্রীড়া সংগঠক – অঞ্জন মিত্র পুরস্কার (মরণোত্তর): গোপীনাথ ঘোষ
– সেরা রেফারি: সাগর সেন
– হকি – কেশব দত্ত পুরস্কার: মহম্মদ রহিল মহসিন
– অ্যাথলেটিক্স – প্রণব বন্দ্যোপাধ্যায় পুরস্কার: তাহুরা খাতুন
– ক্রিকেট – অরুণ লাল পুরস্কার: অভিষেক রমন
– বিশেষ সংবর্ধনা: অনুষ্টুপ মজুমদার
– সেরা সমর্থক – উমাকান্ত পালধি পুরস্কার: রাজীব রায় ও সৌরভ ঘোষ চক্রবর্তী
– আজীবন সম্মাননা: প্রতাপ ঘোষ
এছাড়াও বৈঠকে মোহনবাগান রত্ন প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং অসিত চট্টোপাধ্যায়কে ক্লাবের সহ-সভাপতি হিসাবে ঘোষণা করা হয়েছে।
১৯১১ সালের ২৯ জুলাই আইএফএ শিল্ড জিতে পরাধীন ভারতকে প্রথম গর্বের মুহূর্ত এনে দিয়েছিল মোহনবাগান। সেই ইতিহাসকে স্মরণ করেই প্রতি বছর পালিত হয় মোহনবাগান দিবস। এবার দু’দিনের বর্ণাঢ্য আয়োজনে প্রয়াত অঞ্জন মিত্রকে ‘মোহনবাগান রত্ন’ প্রদানের মাধ্যমে সেই আবেগ আরও একবার নতুন মাত্রা পেতে চলেছে।
