আজকের দিনেতিলোত্তমা

মেসির সঙ্গে সেলফি বিতর্কে জুঁই বিশ্বাসকে ১০ কোটির মানহানি নোটিস দিলেন শতদ্রু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- লিওনেল মেসির কলকাতা ইভেন্টে অনুমতি ছাড়াই মাঠে ঢুকে সেলফি তোলার ঘটনায় এবার আইনি পদক্ষেপ নিলেন আয়োজক শতদ্রু দত্ত। কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁই বিশ্বাসকে ১০ কোটি টাকার মানহানির নোটিস পাঠানো হয়েছে। সঙ্গে নিঃশর্ত ক্ষমা চাওয়ারও দাবি।

অভিযোগ, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভ্রাতৃবধূ জুঁই বিশ্বাস অনুমতি ছাড়াই সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েন। সংবাদমাধ্যমের সামনে তিনি নিজেই জানান, তৎকালীন ক্রীড়ামন্ত্রীর প্রভাবেই বিনা অনুমতিতে মাঠে প্রবেশ করেন। শতদ্রু দত্তের দাবি, এতে ইভেন্টে বিশৃঙ্খলা তৈরি হয় এবং তাঁর ও সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

নোটিসে নিরাপত্তা ভঙ্গ ও নিয়ম বহির্ভূতভাবে একাধিক জায়গায় প্রবেশের অভিযোগ আনা হয়েছে। এর ভিত্তিতেই ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন শতদ্রু। নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে টাকা মেটাতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেই অরূপ বিশ্বাস ও জুঁই বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর থানায় এফআইআর দায়ের করেছেন শতদ্রু। জুঁই বর্তমানে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের স্ত্রী, যদিও তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।

মেসির মতো মহাতারকার ইভেন্ট ঘিরে বিতর্ক থামছেই না। অনুমতি ছাড়া মাঠে ঢুকে সেলফি তোলার ঘটনা এবার গড়াল ১০ কোটির মানহানি মামলায়। জুঁই বিশ্বাস কী পদক্ষেপ নেন এবং আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে সব মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *