নিজেকে ‘ঈশ্বর’ পরিচয় দিয়ে যুবতীকে লাগাতার ধর্ষণ ভণ্ড সাধুর!
কিউ ইন্ডিয়া বাংলা,পালঘর (মহারাষ্ট্র): নিজেকে মহাদেবের অবতার এবং নির্যাতিতাকে ‘পার্বতী’ বলে পরিচয় দিয়ে দীর্ঘকাল ধরে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মহারাষ্ট্রের পালঘর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের নাম ঋষিকেশ বৈদ্য, যিনি একটি সমাজকল্যাণমূলক সংস্থা চালাতেন বলে জানা গিয়েছে। ৩৫ বছর বয়সি এক মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। এফআইআর অনুযায়ী, ২০২৩ সালে ফেসবুকের মাধ্যমে নির্যাতিতার সঙ্গে ঋষিকেশের আলাপ হয়। নিজেকে আধ্যাত্মিক গুরু ও শিবের অবতার হিসেবে পরিচয় দিয়ে তিনি মহিলার বিশ্বাস অর্জন করেন। অভিযোগের মূল বিষয়গুলি হলো:
গত বছর ডিসেম্বর মাসে পুণের একটি লজে নির্যাতিতাকে ডেকে পাঠিয়ে পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। সংজ্ঞাহীন অবস্থায় মহিলার বেশ কিছু আপত্তিকর ছবি তুলে রাখে ঋষিকেশ।পরবর্তীকালে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারংবার ওই মহিলাকে বিভিন্ন হোটেলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। সম্প্রতি মহারাষ্ট্রের নাসিকে এক ভুয়ো জ্যোতিষী ও অবসরপ্রাপ্ত নৌসেনা আধিকারিক অশোক খারাতে-র বিরুদ্ধে ৫৮ জন মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনার পর্দাফাঁস হওয়ার পরেই পালঘরের এই নির্যাতিতা সাহস সঞ্চয় করে পুলিশের দ্বারস্থ হন। তাঁর দাবি, ঋষিকেশ আরও অনেক মহিলার সঙ্গেই একই ধরণের প্রতারণা করেছেন।
উল্লেখ্য, গত কয়েক মাসে মহারাষ্ট্রে নিজেকে জ্যোতিষী বা আধ্যাত্মিক গুরু পরিচয় দিয়ে যৌন হেনস্থার একাধিক ঘটনা সামনে এসেছে। নাসিকের ঘটনায় দেখা গিয়েছিল, অভিযুক্ত সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে মহিলাদের ভিডিও রেকর্ড করে রাখতেন। পালঘরের এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে, ধর্মের আড়ালে কীভাবে অপরাধীরা সাধারণ মানুষের সরলতার সুযোগ নিচ্ছে।
