আজকের দিনেবিশ্ব

‘অ্যানাকোন্ডা কৌশলে’ তাইওয়ানকে শ্বাসরোধ করে কবজা করতে চায় চিন!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,বেজিং ও তাইপেই: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন আমেরিকা ও পশ্চিমী দুনিয়া ব্যস্ত, সেই সুযোগকেই কাজে লাগাতে চাইছে বেজিং। তবে তাইওয়ান দখলের জন্য কোনো রক্তক্ষয়ী বা নাটকীয় যুদ্ধ নয়, বরং এক দীর্ঘমেয়াদী এবং মারাত্মক নীল নকশা তৈরি করেছে লালফৌজ। ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞরা একে বলছেন ‘অ্যানাকোন্ডা কৌশল’ । এর লক্ষ্য হলো—সরাসরি আক্রমণ না করে চারদিক থেকে এমনভাবে চাপ সৃষ্টি করা, যাতে তাইওয়ানের প্রতিরোধ ক্ষমতা তিলে তিলে শেষ হয়ে যায়।

কী এই ‘অ্যানাকোন্ডা কৌশল’?

বিশালকার অ্যানাকোন্ডা সাপ যেমন তার শিকারকে একবারে গিলে ফেলে না, বরং শরীর দিয়ে পেঁচিয়ে ধরে ধীরে ধীরে তার দমবন্ধ করে দেয়, চিনও তাইওয়ানের ক্ষেত্রে ঠিক সেই পথই নিয়েছে। প্রায়শই তাইওয়ানের আকাশসীমা ও সমুদ্রে সামরিক মহড়া চালিয়ে এক ধরণের ‘নিউ নর্মাল’ পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এতে নিরাপত্তার অভাববোধ সাধারণ মানুষের কাছে অভ্যাসে পরিণত হচ্ছে। তাইওয়ানের বাণিজ্যপথ ব্যাহত করা এবং আমদানি সীমিত করে দ্বীপরাষ্ট্রটির অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার পরিকল্পনা রয়েছে জিনপিং প্রশাসনের। লাগাতার সাইবার আক্রমণ, ভুয়ো খবর ছড়ানো এবং কূটনৈতিক বিচ্ছিন্নতা তৈরি করে তাইওয়ানের সাধারণ মানুষের আত্মবিশ্বাস ও মনোবল গুঁড়িয়ে দিতে চায় চিন। ওয়াকিবহাল মহলের মতে, সরাসরি যুদ্ধ করলে বিশ্বজুড়ে প্রবল বাধার মুখে পড়তে হতে পারে চিনকে। তাই তাড়াহুড়ো না করে ধীরে ধীরে তাইওয়ানের সম্পদ ও সম্পদ ব্যবহারের পথ রুদ্ধ করে দেওয়া হচ্ছে। যখন তাইওয়ান সব দিক থেকে দুর্বল ও নিঃস্ব হয়ে পড়বে, তখন বিনা যুদ্ধেই জয় নিশ্চিত হবে চিনের—এমনটাই মনে করছে লালফৌজ।

ভারতের ওপর কি এই কৌশল খাটবে?

প্রশ্ন উঠেছে, চিন কি ভারতের ওপরেও এমন ‘অ্যানাকোন্ডা কৌশল’ প্রয়োগ করতে পারে? বিশেষজ্ঞরা এর উত্তর দিচ্ছেন নেতিবাচকভাবে। তাঁদের মতে, নয়াদিল্লির শক্তিশালী কূটনৈতিক অবস্থান এবং আর্থিক পদক্ষেপ চিনের যেকোনো চাপের মোকাবিলা করতে সক্ষম। ভারতের সামরিক বাহিনী সীমান্তে চিনা চাল সম্পর্কে অত্যন্ত সজাগ। ফলে ভারতের ওপর এমন কোনো ‘শ্বাসরোধকারী’ কৌশল প্রয়োগ করা বেজিংয়ের পক্ষে কার্যত অসম্ভব।এখন দেখার বিষয়, আন্তর্জাতিক মহলের নজর এড়িয়ে চিন তার এই মন্থর কিন্তু বিষাক্ত ‘অ্যানাকোন্ডা ফাঁস’ দিয়ে তাইওয়ানকে গিলে ফেলতে পারে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *