স্লোভাকিয়ায় মোদিকে ঐতিহ্যবাহী অভ্যর্থনা, নতুন উচ্চতায় ভারত-স্লোভাকিয়া সম্পর্ক
কিউ ইন্ডিয়া বাংলা,স্লোভাকিয়া:- ইউরোপ সফরের দ্বিতীয় পর্বে সোমবার স্লোভাকিয়ায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৯৩ সালে স্বাধীন রাষ্ট্র হওয়ার পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফরে গেলেন।
স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় পৌঁছানোর পর স্লোভাকিয়ার পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী রুটি ও লবণ দিয়ে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান স্লোভাকিয়ার বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার।
দু’দিনের সফরে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়াও শিল্প ও বাণিজ্য জগতের প্রতিনিধিদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হবে। ভারত ও স্লোভাকিয়ার মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা ও সম্পর্ককে আরও মজবুত করাই এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য।
বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অটোমোবাইল শিল্প, রেল অবকাঠামো এবং আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। স্লোভাকিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী মোদি সামাজ মাধ্যমে জানান, এই সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং সহযোগিতার নতুন পথ খুলে দেবে।
ভারত ও স্লোভাকিয়ার সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে ১৯৯৩ সালে, চেকোস্লোভাকিয়ার বিভাজনের পর। এরপর ধাপে ধাপে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও গভীর হয়েছে। নয়াদিল্লিতে স্লোভাকিয়ার দূতাবাস স্থাপনের পাশাপাশি ভারতও ১৯৯৫ সালের আগস্টে ব্রাতিস্লাভায় নিজেদের দূতাবাস খুলে সম্পর্কের নতুন ভিত্তি তৈরি করে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের উচ্চপর্যায়ের সফর ও বৈঠক এই সম্পর্ককে আরও গতিশীল করেছে।
প্রধানমন্ত্রী মোদির এই সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের অংশীদারিত্ব আরও মজবুত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্লোভাকিয়া সফর শেষে তিনি আগামী ১৬ থেকে ১৮ জুন হতে চলা জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ফ্রান্সে যাবেন, যেখানে বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
