পশ্চিমবঙ্গ দিবসে বঙ্গে মোদি, আজ ও কাল একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, গাড়ি চলবে ঘুরপথে
কিউ ইন্ডিয়া বাংলা- দুদিনের সফরে আজ বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে প্রথমে তিনি তারকেশ্বরের অনুষ্ঠানের পর তিনি সরাসরি কলকাতায় আসেন। আগামীকাল ২১ জুন। এই দিন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। রবিবার কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে যোগ দেবেন দেশের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির উপস্থিতি একাধিক কর্মসূচির কারণে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কড়া নজরদারি। একাধিক রাস্তায় বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ।
লালবাজার সূত্রে খবর, আজ শনিবার বিকেল সাড়ে ৩টে থেকে মহানগরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এদিন বিকেল সাড়ে ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত একাধিক রাস্তায় মালবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ। তবে এই নিষেধাজ্ঞা থেকে বাদ থাকছে জরুরি পরিষেবার গাড়ি। যেমন এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়ামজাত পণ্য, অক্সিজেন, শাকসবজি, মাছ, ফল, দুধ এবং ওষুধবাহী গাড়ি। আজ, শনিবার তারকেশ্বরের কর্মসূচি সেরে কলকাতার লোকভবনে এসে রাত্রিযাপন করবেন প্রধানমন্ত্রী। কলকাতা পুলিশের নির্দেশ অনুসারে অন্যান্য মালবাহী গাড়িগুলিতে ১১ ফারলং গেট, কেপি রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড, ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি মূর্তি এবং আরআর অ্যাভিনিউ হয়ে লোকভবনের দক্ষিণ গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
শনিবার রাত ১২টা থেকে আগামী কাল রবিবার দুপুর ১২টা পর্যন্ত এই যান চলাচল নিয়ন্ত্রণ কার্যকর করা হবে। প্রয়োজনে সাধারণ যানচলাচলের ক্ষেত্রেও অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হতে পারে। আজ বিকেল পাঁচটা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট ও এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে পুরনো কোর্ট হাউস স্ট্রিট, বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত রাস্তা দু’দিকেই সম্পূর্ণ বন্ধ থাকবে। ওই সব রাস্তা দিয়ে কোনও গাড়ি চলাচল করবে না। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে পার্কিং নিয়ন্ত্রণ করা হবে।
