আজকের দিনেতিলোত্তমা

১৮ জুলাইয়ের ডেডলাইন: এলআইসির নোটিসে চাপে সুরুচি সংঘ ও বিশ্বাস ব্রাদার্স

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর একের পর এক পুরনো বিতর্ক সামনে আসছে। এবার সেই তালিকায় উঠে এল কলকাতার অন্যতম পরিচিত দুর্গাপুজো কমিটি সুরুচি সংঘের নাম। নিউ আলিপুরে অবস্থিত একটি জমিকে কেন্দ্র করে গত কয়েক বছরের বিরোধ নতুন মোড় নিয়েছে। ভারতের বৃহত্তম জীবনবিমা সংস্থা এলআইসি সুরুচি সংঘকে ১৮ জুলাই নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি করার নোটিস পাঠিয়েছে।

শনিবার সুরুচি সংঘের ক্লাব ভবনের দেওয়ালে নোটিস টাঙানো হয়। এলআইসির পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে জানানো হয়েছে, আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে জমি ফেরত না দেওয়া হলে বীমা সংস্থা আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলেও উল্লেখ করা হয়েছে।

এলআইসির দাবি, নিউ আলিপুরের ৪৯৮, ৪৯৯, ৫০০, ৫০১ নম্বর প্লট তাদের মালিকানাধীন। সেই জমির উপর বেআইনিভাবে ক্লাবঘর নির্মাণ করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে তা দখল করে রেখেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তার ভাই স্বরূপ বিশ্বাস। সংস্থার অভিযোগ, অতীতেও একাধিকবার বিষয়টি নিয়ে অভিযোগ করা হলেও কার্যকর কোনও সমাধান হয়নি। প্রশাসনিক পরিস্থিতির পরিবর্তনের পর এলআইসি আবার নিজেদের জমি পুনরুদ্ধারের উদ্যোগ জোরদার করেছে,কয়েকদিন আগেও তারা আলিপুর থানার দ্বারস্থ হয়েছিল।

 

সুরুচি সংঘের নাম পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর জগতে অত্যন্ত পরিচিত। প্রতি বছর অভিনব থিম ও বিশাল আয়োজনের জন্য এই পুজো বিপুল সংখ্যক দর্শনার্থীকে আকর্ষণ করে। তবে এই ক্লাবকে ঘিরে রাজনৈতিক পরিচিতিও কম নয়। দীর্ঘদিন ধরে ক্লাবটির সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের নাম জড়িয়ে রয়েছে।

এমন এক সময়ে এই নোটিস জারি হয়েছে, যখন বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে একাধিক বিতর্ক ইতিমধ্যেই জনসমক্ষে এসেছে। স্বরূপ বিশ্বাস বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে অরূপ বিশ্বাসও তদন্ত সংস্থার তলবের মুখোমুখি হয়েছেন।এখন নজর ১৮ জুলাইয়ের দিকে। সুরুচি সংঘ এলআইসির দাবি মেনে জমি খালি করে কি না, নাকি আইনি লড়াইয়ের পথ বেছে নেয়, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *