আজকের দিনেবাংলার আয়না

প্রেমিকের সঙ্গে ভিডিও কল চলাকালীনই আত্মঘাতী নাবালিকা!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কল্যাণী: প্রেমের সম্পর্কের টানাপোড়েন ও জটিলতার জেরে মর্মান্তিক পরিণতি। প্রেমিকের সঙ্গে ভিডিও কল চলাকালীনই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো এক নাবালিকা। পরিবারের দাবি, প্রেমিকের চরম অপমান ও মানসিক অত্যাচার সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই কিশোরী। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কল্যাণী পুরসভা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সিঁড়িঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকা কল্যাণী পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাঝের চর এলাকার বাসিন্দা। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ বাড়ির সিঁড়িঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় কল্যাণী থানায়। পুলিশ এসে নাবালিকাকে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিচে পড়েছিল সচল মোবাইল, ওপ্রান্তে কে?

ঘটনায় সবচেয়ে চাঞ্চল্যকর মোড় এসেছে নাবালিকার মোবাইলটিকে কেন্দ্র করে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, কিশোরীর ঝুলন্ত দেহের ঠিক নিচেই পড়েছিল তার মোবাইল ফোনটি। এবং তখনও সেই ফোনে ভিডিও কল অন (সচল) ছিল। পরিবারের দাবি, ভিডিও কলের অপরপ্রান্তে ছিল অভিযুক্ত সেই প্রেমিক যুবক। অর্থাৎ, ভিডিও কলে প্রেমিকের সামনেই নাবালিকা এই চরম পদক্ষেপ নিয়েছে বলে অনুমান করা হচ্ছে।

অপমান ও মারধরের অভিযোগ

কেন এই চরম সিদ্ধান্ত? নাবালিকার পরিবারের অভিযোগ, কল্যাণীর কাঁঠালতলা এলাকার এক যুবকের সঙ্গে ওই কিশোরীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বেশ কিছুদিন ধরেই তাদের সম্পর্কে জটিলতা তৈরি হয়। অভিযোগ, শুক্রবার বিকেলে ওই যুবক ফোনে নাবালিকাকে চরম অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অপমান করে। এর আগেও বিভিন্ন সময়ে নাবালিকাকে মারধর করা হয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ তুলেছে পরিবার। সেই অপমান ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরেই কিশোরী আত্মঘাতী হয়েছে বলে দাবি তাদের।

তদন্তে কল্যাণী থানার পুলিশ

এই ঘটনার পর নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ভিডিও কলের সূত্র ধরেই মূল তদন্ত চালানো হচ্ছে। ঘটনার সময় ভিডিও কলের ওপারে ঠিক কে ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে কল্যাণী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *