আজকের দিনেভারত

পর্যটকদের সুরক্ষায় নিরাপত্তা বাড়াতে পহেলগামে বিশেষ কিউআর কোড

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: গত বছর ২২ এপ্রিল  দেশের ভূ-স্বর্গ পহেলগামে নৃশংস ঘটনা ঘটে যায়। জঙ্গি হামলায় প্রাণ যায় ২৬ জনের। যার রেশ পড়ে গোটা বিশ্বে। পাকিস্তানকে ধিক্কার জানায় গোটা দুনিয়া। এর পরেই শুরু হয় ভারত-পাকিস্তানের সংঘাত। ভারতের এয়ার স্ট্রাইক অপারেশন ‘সিঁদুর’ পাক জঙ্গি ঘাঁটি ধবংস। আর কয়েকদিন পরেই সেই মর্মান্তিক ঘটনার এক বছর পূর্তি।

এর পর থেকে কাশ্মীরে যাতে কোন পর্যটকদের কোনোও অসুবিধা না হয়, সেই নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল জম্মু ও কাশ্মীর প্রশাসন।

জানা গেছে, সমস্ত পর্যটন পরিষেবা প্রদানকারীদের জন্য একটি অনন্য কিউআর কোড-ভিত্তিক শনাক্তকরণ ব্যবস্থা চালু করেছে।পহেলগামে নৃশংস জঙ্গি হামলার ভয় কাটাতে এবং অসাধু ব্যবসায়ীদের বাড়বাড়ন্ত রুখতে এই পদক্ষেপ করেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন।

এখন থেকে ঘোড়সওয়ার, হকার থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী ও বিক্রেতা— সকলের কাছে এই বিশেষ কোড রাখা বাধ্যতামূলক। নতুন এই ব্যবস্থার সঙ্গে জম্মু ও কাশ্মীরের প্রায় ২৫ হাজার ব্যবসায়ীকে যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

কী ভাবে সাহায্য পাবেন পর্যটকরা?

পর্যটকরা পহেলগামে কোনও পরিষেবা নেওয়ার আগে মোবাইল দিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছে থাকা QR কোড স্ক্যান করতে পারবেন। স্ক্যান করলে সংশ্লিষ্ট ব্যক্তির যাবতীয় তথ্য পর্যটকরা জানতে পারবেন। এর ফলে পর্যটকরা সহজেই নিশ্চিত হতে পারবেন, যে তাঁরা কার থেকে পরিষেবা নিচ্ছেন।

QR কোডে কী কী তথ্য থাকবে?

প্রতিটি QR কোডে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, বাবার নাম, বিস্তারিত ঠিকানা এবং ফোন নম্বর থাকবে। এ ছাড়াও এতে আধার নম্বর, সরকারি রেজিস্ট্রেশন নম্বর এবং সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় পুলিশ দ্বারা ভেরিফায়েড কি না— তাও উল্লেখ থাকবে। এর ফলে কোনও অপরাধমূলক রেকর্ড থাকা ব্যক্তি পর্যটন কেন্দ্রে ব্যবসা করার সুযোগ পাবেন না।

প্রশাসনের বিশেষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। ইতিমধ্যেই প্রায় সাত হাজার ব্যবসায়ীকে এই QR কোড দেওয়া হয়েছে। এই ডিজিটাল পরিচয়পত্র পহেলগামের নিরাপত্তা ব্যবস্থাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন ব্যবসায়ীদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *