ভিনরাজ্যে পথ দুর্ঘটনায় মৃত্যু লাভপুরের পরিযায়ী শ্রমিকের
কিউ ইন্ডিয়া বাংলা :- বীরভূমের লাভপুরে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর সামনে এল। মৃত যুবকের নাম সুকল টুডু। বয়স আনুমানিক ২৬ বছর। তিনি লাভপুর ব্লকের চৌহাট্টা এলাকার বাসিন্দা ছিলেন।
জানা গিয়েছে, প্রায় ছ’মাস আগে কাজের সন্ধানে রাজস্থানে গিয়েছিলেন সুকল। সেখানে কাঠের পালিশের কাজ করতেন তিনি। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। দিন আনা দিন খাওয়া সংসার চালাতে বাড়তি রোজগারের আশাতেই ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন তিনি।
পরিবারের অভিযোগ, রাজস্থানে কাজ করলেও নিয়মিত পারিশ্রমিক পাচ্ছিলেন না সুকল। তিনি নাকি বাড়ির লোকজনকে জানিয়েছিলেন, টাকা পেলেই বাড়ি ফিরে আসবেন। এমনকী, সোমবার তাঁর বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।রবিবার রাত প্রায় আটটা নাগাদ কাজ সেরে ফেরার পথে একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।
পরিবারের এক সদস্য জানান, “আমাদের পরিবার খুব গরিব। সেই কারণে ও কাজ করতে গিয়েছিল। টাকা পাচ্ছিল না বলে ফিরতে পারছিল না। পথেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। বাড়িতে মা আর দিদি আছে। এখনও পুরো বিষয়টা সবাইকে জানানো হয়নি।”
এই ঘটনার খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
