Mousuni Island : কোটালের দাপটে মৌশুনীতে ১৫০ ফুট সমুদ্র বাঁধে ধস, স্থায়ী বাঁধের দাবিতে সরব সল্ট ঘেরী !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- অমাবস্যার ভরা কোটালের জেরে ফের আতঙ্কে দক্ষিণ ২৪ পরগনার মৌশুনী দ্বীপ। সোমবার সকালে বঙ্গোপসাগর সংলগ্ন সল্ট ঘেরী গ্রামে প্রায় ১৫০ ফুট দীর্ঘ সমুদ্র বাঁধ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ভরা জোয়ারের চাপে অস্থায়ী বাঁধের একাংশ ধসে যাওয়ায় গ্রামে জল ঢোকার আশঙ্কায় চরম আতঙ্কে বাসিন্দারা। স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উপকূল রক্ষায় প্রশাসনের তরফে অস্থায়ীভাবে বাঁধ নির্মাণের কাজ চলছিল। কিন্তু কোটালের প্রবল চাপ ও জোয়ারে সেই বাঁধের একাংশই ধসে যায়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থায়ী ও শক্তপোক্ত বাঁধের দাবি জানানো হলেও তা পূরণ হয়নি। তাঁদের বক্তব্য, অস্থায়ী ব্যবস্থায় সমস্যার সমাধান সম্ভব নয়। অবিলম্বে মেরামতি না হলে পরবর্তী জোয়ারে গোটা গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেতা নারায়ণ পড়্যার অভিযোগ, “আজকের এই পরিস্থিতির জন্য পূর্বতন সরকারের দুর্নীতিই দায়ী। নদী বাঁধ নির্মাণের নামে কোটি কোটি টাকা লুট হয়েছে বলেই আজ এই বেহাল দশা।” বিষয়টি স্থানীয় বিধায়কের নজরে আনা হয়েছে এবং দ্রুত মেরামতির কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে বিধায়ক সুমন্ত মন্ডল জানান, “বিগত দিনে যে সমস্ত কাজ হয়েছে, তার হিসাব নিকাশ হবে। কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না। সেচ দপ্তরকে সব কাজের হিসাব করতে বলা হয়েছে। এবারে কাজ সঠিকভাবেই হবে।”
প্রশাসনের তরফে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর।
মৌশুনীর মতো উপকূলবর্তী দ্বীপগুলিতে প্রতি বছরই কোটাল-ঝড়ে বাঁধ ভাঙার ঘটনা ঘটে। অস্থায়ী বাঁধ দিয়ে সাময়িক রক্ষা হলেও স্থায়ী সমাধান না হওয়ায় বারবার আতঙ্কে দিন কাটে বাসিন্দাদের। সল্ট ঘেরীর এই ধস ফের চোখে আঙুল দিয়ে দেখাল, দুর্নীতির অভিযোগ আর প্রতিশ্রুতির মাঝে পড়ে কতটা অসহায় উপকূলের মানুষ। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ না হলে মৌশুনীর মানচিত্র থেকে সল্ট ঘেরী মুছে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা।
