আজকের দিনেখেলাবিশ্ব

FIFA Worldcup 2026 : সালাহর জন্মদিনে কাঁটা হানি, আত্মঘাতী গোলে মিশরের জয় হাতছাড়া !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বিশ্বকাপের চতুর্থ দিনেই আরও এক অঘটনের হাত থেকে বেঁচে গেল বেলজিয়াম। সোমবার গভীর রাতে মহম্মদ সালাহর জন্মদিনে মিশরকে জেতাতে গিয়ে উল্টে আত্মঘাতী গোল করে বসলেন মহম্মদ হানি। রোমেলু লুকাকুর চাপে ভুল করে নিজেদের জালেই বল ঠেলে দেন তিনি। আশৌরের গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হল ফারাওদের।

চলতি বিশ্বকাপে ৪ দিনেই জোড়া অঘটন দেখেছে ফুটবল দুনিয়া। নেদারল্যান্ডসকে রুখে দিয়েছে জাপান, মরক্কোর সঙ্গে ড্র করেছে ব্রাজিল, আর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য আটকে দিয়েছে কেপ ভার্দে। সেই তালিকায় নাম লেখাতে চলেছিল মিশরও।

ম্যাচের ২০ মিনিটে রাইট উইং থেকে সালাহর দুরন্ত পাস থেকে নিখুঁত ফিনিশে মিশরকে এগিয়ে দেন ইমাম আশৌর। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই গোল করে নজর কাড়লেন তিনি। ছোটবেলায় এল মহল্লা ক্লাবে উপেক্ষিত হয়ে ফুটবল ছাড়তে চাওয়া আশৌরই আজ বিশ্বমঞ্চে মিশরের নায়ক।

প্রথমার্ধে বল পজেশনে এগিয়ে থাকলেও ডে’ব্রুইন-কুর্তোয়ারা ধার দেখাতে পারেননি। উল্টে সালাহ-মারমুশ জুটি বারবার কাঁপুনি ধরিয়েছেন বেলজিয়াম রক্ষণে। ৫৭ মিনিটে ব্যবধান বাড়ানোর সোনার সুযোগ নষ্ট করেন মারমুশ। সালাহর শট কুর্তোয়া গ্রিপ করতে না পারলেও ফিরতি বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি।

এরপরই ম্যাচের মোড় ঘোরে। বেঞ্চ থেকে নামেন রোমেলু লুকাকু। গত এক বছর ক্লাব ফুটবলের বাইরে থাকলেও ৬৫ মিনিটে তাঁর উপস্থিতিই বদলে দেয় খেলা। ঘাড়ের উপর দুই ডিফেন্ডার নিয়ে গোললাইনে ঢুকে পড়েন লুকাকু। তাঁকে আটকাতে গিয়ে বল নিজের জালেই ঠেলে দেন মহম্মদ হানি। স্কোরশিটে আত্মঘাতী গোল লেখা থাকলেও আদতে গোলটা লুকাকুরই।

এডেন হ্যাজার্ড এখন দলের সহকারী কোচ। ডে’ব্রুইনদের বয়স হয়েছে, ধার কমেছে। তবু লুকাকুর ২৫ মিনিটের ক্যামিওতেই হাঁফ ছেড়ে বাঁচল বেলজিয়াম।

জাপান, কেপ ভার্দের পর মিশরও বুঝিয়ে দিল, লাতিন আমেরিকা আর ইউরোপের সঙ্গে ফুটবল-দক্ষতার ব্যবধান ক্রমশ কমাচ্ছে আফ্রিকা-এশিয়া। সালাহর জন্মদিনে জয় উপহার দেওয়া হল না হানির ভুলে। তবে এই ড্র প্রমাণ করল, এই বিশ্বকাপে কিছুই অসম্ভব নয়। টুর্নামেন্ট যত এগোবে, অঘটনের তালিকা ততই লম্বা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *