আজকের দিনেতিলোত্তমারাজনীতি

Mamata : কালীঘাটে আজ জেলা পরিষদ নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠকে মমতা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সাংসদ ও পরাজিত প্রার্থীদের পর এবার জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি ও কর্মাধ্যক্ষদের কালীঘাটে জরুরি বৈঠকে ডাকলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার কালীঘাটে রাজ্যের ২০টি জেলা পরিষদের শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসছেন তিনি। বিকেল সাড়ে তিনটে থেকে বৈঠক শুরু হওয়ার কথা।

বর্তমানে রাজ্যের ২০টি জেলা পরিষদই তৃণমূল কংগ্রেসের দখলে। তবে রাজ্যে পালাবদলের পর বহু জেলা পরিষদ সদস্য গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে গেরুয়া শিবির সূত্রে দাবি। যদিও রাজ্য বিজেপি স্পষ্ট করেছে, তৃণমূলের কাউকে দলে নেওয়া হবে না। এদিকে ভোটের প্রচার পর্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে আগামী ৬ মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। ফলে প্রশাসনিক মহলে জেলা পরিষদগুলিতে প্রশাসক বসানোর জল্পনাও তৈরি হয়েছে।

এই আবহেই আজ রাজ্যের ২০টি জেলা পরিষদকে নিয়ে বৈঠক ডেকেছেন মমতা। আজকের বৈঠক থেকেই কার্যত স্পষ্ট হবে তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সদস্যদের বর্তমান রাজনৈতিক অবস্থান। কারণ জেলায় জেলায় দলের পর্যালোচনা বৈঠকে দেখা গিয়েছে, বেশ কিছু জেলা পরিষদের সদস্য গরহাজির থাকছেন। তার মধ্যে কর্মাধ্যক্ষরাও রয়েছেন। সম্প্রতি পুরুলিয়া জেলা তৃণমূলের পর্যালোচনা বৈঠকে ৪২ জন জেলা পরিষদ সদস্যের মধ্যে ২৪ জন অনুপস্থিত ছিলেন। বিষয়টি ভাবাচ্ছে তৃণমূল নেতৃত্বকে।

রাজ্যের ২০ টি জেলা পরিষদের প্রতিটিতেই তৃণমূলের আসন সংখ্যা ম্যাজিক ফিগারের চেয়ে অনেক বেশি। তৃণমূল থেকে বিজেপিতে জেলা পরিষদ সদস্যদের দলবদলের সংখ্যা এখনও কম। কিন্তু সদস্যদের দলের বৈঠকে না আসা এবং বিজেপির সঙ্গে যোগাযোগের খবরকে হালকাভাবে নিচ্ছে না তৃণমূল। সেই কারণেই আজকের এই বৈঠক। পুরুলিয়া জেলা তৃণমূলের পর্যালোচনা বৈঠকে অধিকাংশ জেলা পরিষদ সদস্য অনুপস্থিত থাকায় জেলা পরিষদের বিরোধী দলনেতা আলাদাভাবে বৈঠক ডেকেছেন। আগামীকাল সোমবারের পরিবর্তে সেই বৈঠক হবে মঙ্গলবার। কিন্তু তার আগে আজ রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে কী নির্দেশ দেন সেদিকেই নজর সবার।

দলবদলের জল্পনা, গরহাজিরা আর প্রশাসক বসানোর গুঞ্জনের মাঝে আজকের কালীঘাটের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জেলা পরিষদের নেতৃত্বকে এক ছাতার তলায় এনে মমতা কী বার্তা দেন, তার উপরই নির্ভর করছে তৃণমূলের পঞ্চায়েত স্তরের রণকৌশল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *