আজকের দিনেতিলোত্তমারাজনীতি

R. G. Rar : আরজিকর মামলায় বিস্ফোরক অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায় !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে বিজেপি সরকার গঠনের পরই নতুন করে গতি পেয়েছে আরজি কর মেডিক্যাল কলেজের পড়ুয়া চিকিৎসকের খুনের মামলা। ইতিমধ্যেই তিন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। এই আবহেই সিবিআই-এর তদন্তকারী অফিসার সীমা আহুজার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, তদন্তে গুরুতর গাফিলতি হয়েছে এবং নির্দিষ্ট ওই অফিসারকে অভিযুক্ত করে ফের তদন্ত শুরু করা উচিত।

শনিবার আরজি কর হাসপাতালে সরেজমিনে যান প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাসপাতালের আটতলায় দীর্ঘদিন ধরে তালাবন্ধ একটি ঘরের সামনে দাঁড়িয়ে ভিডিও রেকর্ড করেন তিনি। বিজেপি সাংসদের দাবি, ওই ঘরে মামলার সঙ্গে জড়িত বহু গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ থাকতে পারে। অথচ তদন্তকারী সংস্থা সিবিআই আজ পর্যন্ত সেই ঘর খুলে দেখার প্রয়োজনই বোধ করেনি।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানান, তিনি গোটা সিবিআইকে কাঠগড়ায় তুলছেন না। তাঁর নিশানা নির্দিষ্ট এক অফিসারের দিকে। তাঁর মতে, সীমা আহুজার ভূমিকা সন্দেহজনক। তাঁকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে নতুন করে তদন্ত শুরু হওয়া প্রয়োজন।

এদিন হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “অভয়ার মৃত্যুর তদন্ত নতুন করে শুরু হয়েছে। সিবিআই-র দায়িত্বপ্রাপ্ত সীমা আহুজা যেটা করেননি সেটা হল একটা ঘর কোনওদিন খোলেনি। তার মধ্যে যে সব জিনিস আছে প্লেট-রক্তমাখা গ্লাভস থাকার কথা নয়। এটা আজ পর্যন্ত সিবিআই খোলার সময় পায়নি। আমি সমগ্র সিবিআইকে দোষ দেব না। সীমার ভূমিকা নিয়ে।” তাঁর আরও অভিযোগ, অভয়ার মৃত্যুর ঘটনায় যে ঘরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারত, সেই ঘরই তদন্তের বাইরে রয়ে গিয়েছে। বিজেপি সাংসদের মতে, ওই ঘরে রক্তমাখা গ্লাভস, প্লেট-সহ একাধিক আলামত থাকার সম্ভাবনা প্রবল। অথচ সিবিআই-এর দায়িত্বপ্রাপ্ত অফিসার সেই ঘর খোলার উদ্যোগই নেননি। বিষয়টি তিনি দ্রুত সংশ্লিষ্ট মহলে তুলে ধরবেন বলেও জানিয়েছেন।

রাজ্যে পালাবদলের পর আরজি কর মামলার ফাইল খুলতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তিন আধিকারিকের সাসপেনশনের পর এবার সিবিআই অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তালাবন্ধ ঘরের রহস্য ভেদ করে অভয়ার মৃত্যুর প্রকৃত তদন্ত কতদূর এগোয়, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *