“যেখানেই হাত দিচ্ছি, দেখছি বিগত সরকারের ধ্বংসলীলা”: ‘ডক্টরস ডে’-তে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
কিউ ইন্ডিয়া বাংলা, বিধাননগর: ডক্টর’স ডে তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তীতে পূর্বতন তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বর্তমান বেহাল স্বাস্থ্য ব্যবস্থার জন্য বিগত সরকারকে দায়ী করে তাঁর খোঁচা, “যেখানেই হাত দিচ্ছি, দেখছি বিগত সরকারের ধ্বংসলীলা।” সোমবার বিধাননগর হাসপাতালে রাজ্যের তরফে আয়োজিত চিকিৎসক দিবসের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
জ্যোতি বসুর মন্তব্য টেনে তৃণমূলকে নিশানা
এদিন নিজের বক্তব্যে বাংলার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী— বিধানচন্দ্র রায় ও জ্যোতি বসুর প্রসঙ্গ টেনে আনেন শুভেন্দু অধিকারী। বিধানচন্দ্র রায়ের কাজ ও আদর্শকে শিক্ষণীয় বলে উল্লেখ করে তিনি বলেন, বাংলার স্বাস্থ্য পরিকাঠামো গঠনে ডঃ রায়ের ভূমিকা ভোলার নয়। এর পরেই জ্যোতি বসুর একটি ঐতিহাসিক মন্তব্য স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন: “জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন— যেখানেই আমি হাত দিচ্ছি, দেখছি বিধানচন্দ্র রায় তা শুরু করে দিয়ে গিয়েছেন। আর আমি মুখ্যমন্ত্রী হিসেবে যেখানেই হাত দিচ্ছি, দেখছি বিগত সরকারের ধ্বংসলীলা।”
‘হাসপাতালে কুকুর-বেড়াল শুয়ে থাকত’
বিগত তৃণমূল সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল এবং সেখানে লাগামছাড়া দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। বাংলার চিকিৎসা ব্যবস্থার এই রূপ অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য করে তিনি বলেন, “বাংলায় এত অবহেলিত চিকিৎসা ব্যবস্থা কাম্য ছিল না। হাসপাতালগুলোর বেহাল অবস্থা হয়েছিল, হাসপাতালের ভেতরে কুকুর-বেড়াল শুয়ে থাকত।” রাজ্য থেকে রোগীদের ভিনরাজ্যে চিকিৎসার জন্য চলে যাওয়ার প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। তাঁর প্রশ্ন, “এই রাজ্যেই কেন সঠিক চিকিৎসা দেওয়া যাবে না?” অথচ বাংলার চিকিৎসকদের মেধার অভাব নেই উল্লেখ করে তিনি বলেন, বাঙালি চিকিৎসকদের আজ ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে কাজ করতে দেখা যায়।
স্বাস্থ্য পরিকাঠামো ফেরানোর বার্তা
বর্তমান বিজেপি সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোকে আমূল উন্নত করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসায় কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না স্পষ্ট করে তিনি বলেন, “স্বাস্থ্য পরিষেবায় কোনো ‘আমরা-ওরা’ থাকতে পারে না।” এই ধ্বংসলীলা থেকে বাংলাকে মুক্ত করে দ্রুত স্বাস্থ্য পরিকাঠামোর হাল ফেরানোর ওপর জোর দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
