আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Mamata-Income Tax : আয়কর বিভাগের উদ্দেশ্যে বার্তা মমতার, বললেন ” তোতা পাখি হবেন না” !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নপত্রের অন্যতম প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে গতকাল শুক্রবার তল্লাশি চালিয়েছে আয়কর বিভাগ । এছাড়া রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতেও হানা দিয়েছিলেন আয়কর আধিকারিকরা । এগুলি নিয়ে শনিবার হাওড়ার উলুবেরিয়াতে নির্বাচনী সভা থেকে প্রতিবাদ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন ” মিস্টার ইনকাম ট্যাক্স প্লিজ় রিয়েলাইজ় করুন, আপনি যা ইচ্ছা, তা–ই করতে পারেন। কিন্তু বিজেপির প্যারট হবেন না। বিজেপি–র তোতাপাখি হয়ে কাজ করবেন না। আপনাদের অনেক দিন চাকরি রয়েছে। ভালো থাকুন। পরিবার নিয়ে সুস্থ থাকুন।’ ভোটের মুখে আচমকা গত কয়েক সপ্তাহে ইডি, আয়কর বিভাগ তৃণমূলের একাধিক প্রার্থীকে তলব করেছে। এমনকি ভোট কুশলী সংস্থা আইপ্যাক এর অন্যতম কর্ণধার ভিনেশ চন্ডাল কে গ্রেফতার করেছিল ইডি। এনআইএ আবার নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীকে নোটিস পাঠিয়েছে। বিজেপির অঙ্গুলিহেলনে এই সব অভিযান হচ্ছে বলে মমতার অভিযোগ। তাঁর কথায়, ‘কেউ কেউ বিজেপির সার্ভার হিসেবে এখানে এসেছে‍ন। বিজেপি পরিবারের অনেককে এখানে পাঠিয়েছে। যাঁরা বলছেন, তৃণমূল দেখে দেখে গ্রেপ্তার করো। এজেন্টদের গ্রেপ্তার করো। রেড করো। আমি বলি, তোমাদের সব ইতিহাস আমি জানি। প্রত্যেকের নাম–ঠিকানা, কোথায় চাকরি করো, সব জানি। বিজেপি কাল থাকবে না। তখন বুঝে নিও, নিরপেক্ষ ভাবে কাজ না হলে মানুষ কিন্তু বদলা নেবে।’ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন এই গ্রেফতারের নির্দেশ দেওয়ার নেপথ্যে এক অবসরপ্রাপ্ত আমলা রয়েছেন । তবে তিনি তার নাম জানাননি । গতকাল শনিবার বারুইপুরে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ” একজন অবসরপ্রাপ্ত অফিসার এসেছেন । তিনি সিঙ্গুরে জমি দখলের বড় হোতা ছিলেন । তিনি ভার্চুয়াল মিটিং করে বলেছেন তৃণমূলের সবাইকে গ্রেফতার করতে হবে। বলছেন গাড়িতে গাঁজা ঢুকিয়ে দাও ইনকাম ট্যাক্স রেড করাও, ইডি রেট করাও , সিবিআই রেড করাও ” ।

যদিও এই ঘটনায় বিজেপি তৃণমূলকে পাল্টা তোপ দেগেছে। বিজেপির এক প্রবীণ নেতার বক্তব্য ” কেন্দ্রীয় এজেন্সি স্বাধীনভাবে কাজ করে । তৃণমূলের যদি এজেন্সির তল্লাশি নিয়ে আপত্তি থাকে তাহলে তারা আদালতে যেতে পারেন”। তবে বিষয়টি নিয়ে তৃণমূল নেতৃত্বের প্রশ্ন বিজেপির কোনো নেতার বাড়িতে তল্লাশি হচ্ছে না কেন অথবা সিপিএম বা কংগ্রেসের কারও বাড়িতে তল্লাশি হচ্ছে না । ভোটের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির এই সক্রিয়তা রাজ্যের ভোটের উত্তাপ কে বেশ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *