আজকের দিনেভারত

Landslides Shimla: ভারী বৃষ্টিতে সিমলায় ধস, ভেঙে পড়ল বেইলি ব্রিজ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- মাঝারি থেকে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা হিমাচলের। শনিবার সিমলায় ধস নামে। সাংলায় একটি বেইলি সেতু ধসে পড়েছে, সেইসঙ্গে কিন্নর জেলায় বন্যার জলে একটি বাড়ি তলিয়ে গেছে। সিমলা শহরে বোথওয়েল এলাকায় সানজৌলি কলেজের কাছে একটি রাস্তার নিচের দিকের ধারক দেওয়াল (retaining wall) ভোরবেলা ধসে পড়ে, ধ্বংসাবশেষ নিচের বাড়িগুলোর দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, একটি বেসরকারি নির্মাণ প্রকল্পের সাথে সম্পর্কিত খননকাজের ফলে এলাকাটি দুর্বল হয়ে পড়েছিল, যার জেরে অবিরাম বৃষ্টির মধ্যে ভূমিধসের ঘটনাটি ঘটেছে। অবিলম্বে রাস্তাটি সারাই করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষেরা। ভূতাত্ত্বিক সমীক্ষা করে দেখারও দাবি জানানো হয়েছে। কারণ এলাকার তিন থেকে চারটি বাড়িতে ঝুঁকিতে রয়েছে। যেকোনও মুহূর্তে ধসে পড়তে পারে। স্থানীয় মানুষের বক্তব্য, ২০২৫ সালেও এই ধরনের ঘটনা ঘটেছিল। একইভাবে এখানে ভূমিধসের ঘটনা ঘটে। যখন ধ্বংসাবশেষ ও পাথরখণ্ড বাড়ির কাছে এসে পড়েছিল। সিমলার মোহাল রাজহানায় আরও একটি ধসের খবর পাওয়া গেছে। যেখানে পাথরখণ্ড ও নুড়ি পাথরগুলি নীচে দাঁড়িয়ে থাকা দুটি গাড়ির উপর পড়ে। কিন্নর জেলায় ভারী বর্ষণের ফলে লিপ্পা জলধারার জলস্তর বৃদ্ধি পেয়েছে।

এতে লিপ্পা বাস স্ট্যান্ডের কাছে একটি একতলা বাড়ি প্লাবিত হয় এবং আরও কয়েকটি বাড়ি ঝুঁকির মুখে পড়ে। প্রবল স্রোতের কারণে বাস স্ট্যান্ডের কাছে ভূমিক্ষয় হয় এবং রাস্তাটিও ক্ষতিগ্রস্ত হয়।  এরই মধ্যে, সাংলা বাস স্ট্যান্ডের কাছে একটি বেইলি ব্রিজ ধসে টংটংচে (Tongtongche)  নদীতে পড়ে গেছে। গত বছরই বসানো এই ব্রিজটিকে শুক্রবার কর্তৃপক্ষ অনিরাপদ ঘোষণা করেছিল। বিপর্যয় মোকাবিলা বিভাগ নদীর তীরবর্তী থাকা বসতিগুলিকে এখান থেকে সরে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে। স্থানীয় আবহাওয়া দফতর বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে, এর মধ্যে নাহানে শুক্রবার সন্ধ্যা থেকে ১৫৮.৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এরপর রয়েছে সোলান (৮০.২ মিমি) ও নাগ্রোটা সুরিয়ান (৬২.৫ মিমি)। আবহাওয়া দফতর সিমলা, কুল্লু, চাম্বা, বিলাসপুর ও সিরমাউর জেলার বিচ্ছিন্ন কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের জন্য ‘হলুদ সতর্কতা’ জারি করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *