বঙ্গ সফরে আসছেন বিজেপির নয়া সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন
কিউ ইন্ডিয়া বাংলা: – সামনে ২০২৬ এর বিধানসভা নির্বাচন। রাজ্যজুড়ে বেজে গিয়েছে ভোটের দামামা। এই পরিস্থিতিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হওয়ার পর পশ্চিমবঙ্গ সফরে আসার মাধ্যমে রাজ্য সফর শুরু করছেন নীতিন নবীন।
আগামী ২৭ ও ২৮ জানুয়ারি দু’দিনের সফরে বঙ্গ সফরে আসছেন নীতিন নবীন। বিজেপি সূত্রে খবর, এই সফরে একাধিক সাংগঠনিক বৈঠকের পাশাপাশি বর্ধমানে পরিবর্তন সংকল্প সভায় যোগ দেওয়ার কথা আছে তার । বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের যাবতীয় রণকৌশল সাজানো থেকে শুরু করে রাজ্য বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করাই এই সফরের মূল উদ্দেশ্য বলে ধারণা রাজনৈতিক মহলের । এছাড়া বঙ্গ বিজেপির নেতৃত্বদের সঙ্গেও পরিচিত হবেন তিনি ।
গত, ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদের দায়িত্ব নিয়েছেন নীতিন নবীন। নতুন দায়িত্ব পেয়ে নিজের কাজে ঝাঁপিয়ে পড়েন। কারণ, প্রথম বৈঠকেই দলের কর্মীদের বলে দিয়েছেন, তাঁর প্রাথমিক দায়িত্ব হবে দলীয় সংগঠনকে শক্তিশালী করা। দায়িত্ব পাওয়ার পর তার প্রথম গন্তব্য বাংলা । রাজ্যের নির্বাচনে বিজেপির জয়ের ব্যাপারে আশাবাদী তিনি ।
