থানায় হামলার মাস্টারমাইন্ড গ্রেপ্তার! ধরা পড়ল জাহাঙ্গীর খানের স্ত্রী রোজিনা
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় হামলার ঘটনায় মূল অভিযুক্ত জাহাঙ্গীর খানের স্ত্রী সারিকা বিবি ওরফে রোজিনাকে গ্রেপ্তার করল ফালতা থানার পুলিশ। মোবাইল লোকেশন ট্র্যাক করে জুলপিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এই নিয়ে মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২৬।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সারিকা বিবির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পাশাপাশি থানায় হামলা ও অশান্তির ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে অভিযোগ রয়েছে। স্বামী জাহাঙ্গীর খানকে মুক্ত করার দাবিতে লোক জড়ো করা, বিভিন্ন জায়গায় হামলা চালানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার পিছনেও তাঁর হাত ছিল বলে দাবি তদন্তকারীদের। এছাড়া অভিযুক্ত সুবিন্দ অধিকারীকে ছাড়ানোর জন্য জনতা সংগঠিত করে হামলার ঘটনাতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
থানায় হামলার ঘটনার পর থেকেই পুলিশ ব্যাপক তল্লাশি শুরু করে। প্রথম দু’দিনে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর বৃহস্পতিবার আরও ৯ জনকে ধরে আদালতে পেশ করা হয়। সর্বশেষ শুক্রবার গভীর রাতে রোজিনাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও বেশ কয়েকজন অভিযুক্ত পলাতক। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। থানায় হামলার মতো গুরুতর ঘটনায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না বলে স্পষ্ট করেছে জেলা পুলিশ।
