আজকের দিনেবাংলার আয়না

কর্ণাটকে লুকিয়েও শেষরক্ষা নয়! পুলিশের জালে তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, তারকেশ্বর :- ভিন রাজ্যে পালিয়ে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের। কর্ণাটক থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি এবং সরকারি ত্রাণ সামগ্রী আত্মসাতের মতো গুরুতর অভিযোগ উঠছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন এই প্রভাবশালী প্রাক্তন বিধায়ক।

সম্প্রতি ধানিয়াখালির কোটালপুর এলাকায় তাঁর বাড়ির পাশেই একটি বিএড কলেজে গত ১১ জুন তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করে পুলিশ। অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সেই সামগ্রী বেআইনিভাবে মজুত রাখা হয়েছিল। এই ঘটনার পর থেকেই কার্যত উধাও হয়ে যান রামেন্দু সিংহ রায়। তদন্তকারীরা বিভিন্ন জায়গায় খোঁজ চালাতে শুরু করেন।

পুলিশ সূত্রে জানা যায়, তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসার পর কর্ণাটকে তাঁর অবস্থানের সন্ধান মেলে। এরপর তারকেশ্বর থানার পুলিশের একটি বিশেষ দল সেখানে পৌঁছে তাঁকে গ্রেপ্তার করে। এখন তাঁকে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে আনা হবে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী মহল।

একসময় তারকেশ্বরের বিধায়ক এবং আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী ছিলেন এই রামেন্দু সিংহ রায়। কিন্তু ক্ষমতার সেই অবস্থান এখন অতীত। অভিযোগের পাহাড়ে চাপা পড়ে আজ তাঁকে আইনের মুখোমুখি হতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *