উত্তরবঙ্গে বৃষ্টির রুদ্ররূপ! ৮ মাসের দুধিয়া সেতু ভেসে গেল, কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ?
কিউ ইন্ডিয়া বাংলা, শিলিগুড়ি :- বর্ষার শুরুতেই উত্তরবঙ্গ টানা ভারী বৃষ্টিতে পাহাড় থেকে সমতল সর্বত্র তৈরি হয়েছে উদ্বেগের পরিবেশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন পরিস্থিতির বিশেষ উন্নতির সম্ভাবনা নেই। বরং বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
এই দুর্যোগের মধ্যেই সবচেয়ে বড় ধাক্কা এসেছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ ব্যবস্থায়। মাত্র আট মাস আগে নির্মিত দুধিয়া সেতু প্রবল স্রোতে ভেসে গিয়েছে। ফলে শিলিগুড়ি ও মিরিকের সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এত অল্প সময়ের মধ্যে নতুন সেতু ভেঙে যাওয়ায় নির্মাণের গুণমান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সেতু নির্মাণে কোনও অনিয়ম বা কাটমানির অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি দ্রুত অস্থায়ী সংযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর দাবি, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যাতে দ্রুত ফিরিয়ে আনা যায়, সেদিকেই সরকারের প্রধান নজর।
এদিকে প্রবল বৃষ্টির জেরে পাহাড়ের বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনাও সামনে এসেছে। দার্জিলিংয়ের লেবং কার্ট রোড এবং মিরিকের গয়াবাড়ি এলাকায় ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজন হলে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে।
আবহাওয়া দপ্তরের সতর্কতায় রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। মালদহেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হয়েছে। এর ফলে নদীগুলির জলস্তর দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা রয়েছে।শুধু উত্তরবঙ্গই নয়, দক্ষিণবঙ্গেও বৃষ্টির প্রভাব স্পষ্ট। কলকাতাসহ একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
