জামাই আদরে বাধ সাধবে বৃষ্টি? জামাইষষ্ঠীতেই ভিজবে গোটা বাংলা
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক :- একটানা ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। রাস্তাঘাটে জল জমে নিত্যযাত্রীরা যেমন ভোগান্তির শিকার হচ্ছেন, তেমনই অনেকের দৈনন্দিন কাজকর্মও ব্যাহত হচ্ছে। তবে দীর্ঘদিনের অসহ্য গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর এই বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে সাধারণ মানুষের জীবনে।
এরই মধ্যে আজ শনিবার জামাইষষ্ঠী। ঘরে ঘরে উৎসবের আমেজ, বিশেষ রান্না এবং আত্মীয়-স্বজনদের আনাগোনায় ব্যস্ত সবাই। কিন্তু উৎসবের আনন্দের মাঝেই বড় প্রশ্ন আজ কি আবারও দুর্যোগের মুখোমুখি হতে চলেছে বাংলা?
দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর অবস্থানরত ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির দাপট থাকতে পারে। সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে, ফলে দিনের যে কোনও সময় প্রবল বৃষ্টি নামার আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গে লাল ও কমলা সতর্কতা
উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। আজ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় প্রবল ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।পাহাড়ি এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিম্নাঞ্চলে জল জমার আশঙ্কা থাকায় প্রশাসনের পক্ষ থেকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রবিবারও মিলছে না স্বস্তি
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল রবিবারও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি প্রবল ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা বহাল থাকবে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি থাকবে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বর্ষার আগমন বাংলাকে গরমের যন্ত্রণা থেকে স্বস্তি দিলেও এখন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে অতিবৃষ্টির পরিস্থিতি।
