Badrinath Temple Corruption: রাম মন্দিরের পর এবার বদ্রীনাথ! ফের প্রণামীর টাকা চুরি ঘিরে চাঞ্চল্য
কিউ ইন্ডিয়া বাংলা- রাম মন্দিরের পর এবার হিন্দুদের পবিত্র স্থান বদ্রীনাথের প্রণামী বাক্স থেকে চুরি! ফের একটি নিন্দনীয় ঘটনাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। শোরগোল দেশজুড়ে। ঘটনার গুরুত্ব বুঝে তড়িঘড়ি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি। গত শুক্রবার ‘ভৈরব সেনা’ নামে একটি হিন্দু সংগঠনের তরফে মন্দির কমিটির কার্যনির্বাহী আধিকারিক সোহন সিং রাঙ্গারের কাছে একটি চিঠি পাঠানো হয়। সেখানে অভিযোগ করা হয়, মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদীর ব্যক্তিগত সচিব বদ্রীনাথ মন্দিরের প্রণামী বা দানের টাকা চুরির সঙ্গে সরাসরি যুক্ত।
অভিযোগকারী সংগঠনের দাবি, এই বিষয়ে আগে চেয়ারম্যানকে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি তোলা হয়েছে। অভিযোগ ওঠার পর পরই মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিনের স্থায়ী কর্মী এবং একাধিক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারি হিসেবেও কাজ করেছেন। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত হবে। সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।” অপরদিকে কার্যনির্বাহী আধিকারিক সোহন সিং রাঙ্গার জানিয়েছেন, প্রাথমিক সিসিটিভি ফুটেজে সব কিছু স্পষ্ট না হওয়ায় একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
এই বছরে বদ্রীনাথ ও কেদারনাথ মন্দির থেকে প্রণামী বাবদ ইতিমধ্যে প্রায় ৭০ কোটি টাকা আয় হয়েছে। পাশাপাশি গেস্ট হাউস ও অন্যান্য মাধ্যম থেকে বছরে গড়ে ৫০ থেকে ৮০ কোটি টাকা আয় হয় এই মন্দিরগুলি থেকে। রাম মন্দিরে চুরির ঘটনার বদ্রীনাথের অনুদানের চুরির ঘটনা নিয়ে দেশজুড়ে আবার নতুন করে চাঞ্চল্য তৈরি হল।
