টিকিয়াপাড়ায় বাইপাসের ধারে রেলের বুলডোজার অভিযান
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- হাওড়ার টিকিয়াপাড়া বাইপাস সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে রেল প্রশাসনের উচ্ছেদ অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়ায়। টিকিয়াপাড়া বাইপাস সংলগ্ন রেলের জমিতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি বস্তি এলাকায় বুলডোজার নিয়ে পৌঁছে যায় রেল কর্তৃপক্ষ। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা,যাতে পুরো অভিযান নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
রেল সূত্রে জানা গিয়েছে, ওই জমিতে প্রায় শতাধিক পরিবার বহু বছর ধরে অবৈধভাবে বসবাস করছিল। ঘনবসতিপূর্ণ এই বস্তি এলাকাটি দক্ষিণ-পূর্ব রেলের টিকিয়াপাড়া–হাওড়া স্টেশন লাইনের একেবারে পাশে অবস্থিত। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, প্রতি বর্ষাতেই এই অঞ্চলে নিকাশিনালাগুলি ঠিকভাবে পরিষ্কার না হওয়ার কারণে জল জমে যেত এবং তার প্রভাব পড়ত রেললাইনের উপর। ফলে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার ঘটনাও ঘটত বলে দাবি করা হচ্ছে।
এই পরিস্থিতি সামাল দিতেই রেল প্রশাসন এবারের বর্ষার আগে থেকেই নড়েচড়ে বসে। কর্তৃপক্ষ জানায়, রেললাইনের নিরাপত্তা এবং জলনিকাশির সমস্যা দূর করতেই এই অবৈধ দখলদারি সরিয়ে দেওয়া জরুরি হয়ে পড়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই মঙ্গলবার উচ্ছেদ অভিযান চালানো হয় এবং জমিতে থাকা অস্থায়ী নির্মাণগুলি ভেঙে ফেলা হয়।অভিযান চলাকালীন এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হলেও পুলিশের কড়া নজরদারিতে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।
