মুর্শিদাবাদে পুলিশের জোড়া সাফল্য,উদ্ধার আগ্নেয়াস্ত্র: গ্রেপ্তার ৩
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:-মুর্শিদাবাদ জেলায় বেআইনি আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল পুলিশ। জেলার দুই পৃথক থানার এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
প্রথম ঘটনাটি ঘটে সাগরপাড়া থানার এলাকায়। গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নীলাম্বরপাড়া এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযানের সময় একটি টোটোতে থাকা দুই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গেই দু’জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরদিন তাদের বহরমপুর কোর্ট আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
অন্যদিকে,জলঙ্গী থানার পুলিশও গোপন তথ্যের ভিত্তিতে বাগমারা এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে একটি ৭ এমএম পিস্তল, দুটি খালি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করে। এই ঘটনায় বাড়ির মালিক আশরাফ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাকেও বহরমপুর জেলার আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
একই দিনে জেলার দুই প্রান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোথা থেকে এসেছে, কী উদ্দেশ্যে সেগুলি রাখা হয়েছিল এবং এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কিনা, সেই সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
