মোদী-মেলোনির ‘মেলোডি’ কূটনীতি নিয়ে এবার চাঁছাছোলা আক্রমণ মমতার
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেলোডি’ চকোলেট উপহার দেওয়া নিয়ে দেশজুড়ে চর্চা এখন তুঙ্গে। নেটপাড়ায় মোদী-মেলোনির এই রসায়ন ‘মেলোডি’ নামে ট্রেন্ড করলেও, এই নিয়ে এবার তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের আর্থিক মন্দা, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সরাসরি মোদীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।
“চকোলেটটা বাচ্চাদের দিতে পারতেন”, তোপ মমতার
সম্প্রতি ইটালি সফরে গিয়ে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির হাতে ভারতের অতিপরিচিত ‘মেলোডি’ চকোলেটের প্যাকেট তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভিডিও সমাজমাধ্যমে হুহু করে ভাইরাল হতেই রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়। এই বিষয়ে মুখ খুলে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন তোলেন, দেশবাসীকে বিদেশযাত্রা এড়ানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী নিজে কেন বারবার বিদেশে সফর করছেন?
প্রধানমন্ত্রীর উদ্দেশে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি আমার প্রশ্নের উত্তর দেবেন? আপনি যে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন তাতে কত ডলার খরচ হচ্ছে? এবং সেখানে গিয়ে আপনি চকোলেট দিচ্ছেন। চকোলেটটা ইটালির রাষ্ট্রপ্রধানকে না দিয়ে আপনি বাচ্চাদের দিতে পারতেন। বাচ্চারা চকোলেট খায়।” এখানেই শেষ নয়, মোদীকে কটাক্ষ করে তিনি আরও যোগ করেন, “অবশ্য এসব জিনিস তো আপনি ভালোবাসেনই। আমরা সবটাই জানি, কিন্তু আমরা কোনওদিন এসব পারসোনাল ব্যাপারে যাইনি।”
শেয়ার বাজারে ধস, ভোটের পরই বাড়ছে জ্বালানির দাম!
মোদী-মেলোনির এই চকোলেট কূটনীতির জেরে মেলোডির প্রস্তুতকারক সংস্থা ‘পার্লে’-র শেয়ার মূল্য ঊর্ধ্বমুখী হলেও, ভারতের সার্বিক শেয়ার বাজারের হাল কিন্তু বেশ খারাপ। এই বিষয়টিকে হাতিয়ার করেই সরব হয়েছেন মমতা। ভোট মিটতেই কেন রান্নার গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ছে, তা নিয়ে সরব হয়েছেন তিনি। উল্লেখ্য, মাত্র এক সপ্তাহেই চারবার বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। দেশের এই অর্থনৈতিক পরিস্থিতির মাঝে প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও চকোলেট বিলি নিয়ে স্বাভাবিকভাবেই চাপ বাড়িয়েছে বিরোধী শিবির।
“প্রধানমন্ত্রী হাসিমুখে রিল বানাচ্ছেন”, কটাক্ষ রাহুল গান্ধীরও
মোদীর এই ‘মেলোডি’ চকোলেট উপহার নিয়ে এর আগেই কড়া সমালোচনা করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের মতে, “দেশের নাগরিকদের মাথার উপর দিয়ে অর্থনৈতিক ঝড় বয়ে যাচ্ছে, আর আমাদের প্রধানমন্ত্রী ইটালিতে গিয়ে লজেন্স বিলি করছেন। কৃষক, যুবসমাজ, মহিলা, শ্রমিক, ছোট ব্যবসায়ী— সকলের চোখেই জল। কিন্তু প্রধানমন্ত্রী হাসছেন, হাসিমুখে রিল বানাচ্ছেন। সেই দেখে শুধু বিজেপির লোকজনই হাততালি দিচ্ছে।”
রাহুল গান্ধীর পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চাঁছাছোলা আক্রমণ চব্বিশের লোকসভা ভোটের পর মোদী সরকারের ওপর বিরোধীদের চাপ যে আরও বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।
