আজকের দিনেতিলোত্তমা

বেলেঘাটায় রাজু নস্করের বেআইনি বহুতলে চলল বুলডোজার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই অবৈধ নির্মাণের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই কড়া নীতির খাঁড়া এবার নেমে এল বেলেঘাটার দাপুটে তৃণমূল নেতা তথা প্রোমোটার রাজু নস্করের ওপর। সোমবার সকালেই রাজুর তৈরি বেআইনি বহুতলে চলল পুরসভার বুলডোজার। আর এই ভাঙচুর ঘিরেই রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। ফ্ল্যাট কিনে প্রতারিত হওয়া ক্ষুব্ধ ক্রেতাদের হাতে রাস্তাতেই গণধোলাই খেলেন রাজুর এক শাগরেদ! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত ঘটনাস্থলে নামতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে।

বুলডোজার চলতেই উত্তেজনা, রাস্তায় গণধোলাই!

পুরসভা সূত্রে জানা গিয়েছে, বেলেঘাটার ৩৭ নম্বর বারোয়ারিতলা রোড এবং ১ ই ইস্ট কুলিয়া রোডের দুটি বহুতলে মোট ১৬টি ফ্ল্যাট রয়েছে, যার সবকটিই সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই ইস্ট কুলিয়া রোডের বহুতলটির একাংশ বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেয় প্রশাসন।

বহুতল ভাঙার খবর পেয়েই মাথায় আকাশ ভেঙে পড়ে টাকা দিয়ে ফ্ল্যাট বুক করা সাধারণ ক্রেতাদের। তাঁরা যখন ঘটনাস্থলে ছুটে আসেন, ঠিক তখনই স্কুটিতে চড়ে সেখান দিয়ে যাচ্ছিলেন রাজু নস্করের এক শাগরেদ। তাঁকে দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। চারদিক থেকে ঘিরে ধরে শুরু হয় তুমুল তর্কাতর্কি। অভিযোগ, এরপরই ওই ব্যক্তিকে রাস্তায় ফেলে চড়, থাপ্পড় ও কিল-ঘুসি মারা হয়। স্থানীয়দের দাবি, মার খাওয়া ওই ব্যক্তি আসলে রাজুর প্রধান দালাল, যে রাজুর প্রভাব খাটিয়ে এতদিন এলাকাবাসীকে হুমকি দিয়ে আসছিল।

তৃণমূল জমানার ‘পাপ’, সরকারের পালাবদলের পর রাজু ‘গায়েব’!

স্থানীয় সূত্রে খবর, বিগত তৃণমূল সরকারের আমলেই রাজু নস্করের এই বেআইনি নির্মাণগুলি নিয়ে আপত্তি উঠেছিল। কিন্তু তৎকালীন শাসকদলের ছত্রছায়ায় থাকায় সেইসব আপত্তিকে বিন্দুমাত্র আমল দেননি রাজু। উলটে ফ্ল্যাট ক্রেতাদের আশ্বাস দিয়েছিলেন, “কোনো সমস্যা হবে না, সময়মতো ফ্ল্যাট পেয়ে যাবেন।” লক্ষ লক্ষ টাকা অগ্রিমও নিয়েছিলেন তিনি।

কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই খোলস বদলে ‘গায়েব’ হয়ে গিয়েছেন প্রোমোটার রাজু নস্কর। তাঁর অফিস এখন তালাবন্ধ। প্রতারিত ক্রেতাদের অভিযোগ, বেআইনি জমির ওপর যে বহুতল খাড়া করা হয়েছে, তা তাঁদের আগে জানানোই হয়নি। সমস্ত নথিপত্র বৈধ বলে দাবি করা হলেও, আজ পর্যন্ত ক্রেতারা বিল্ডিং প্ল্যান বা এগ্রিমেন্ট পেপার কিছুই পাননি।

পুরনো অপরাধের ইতিহাস

উল্লেখ্য, রাজু নস্করের অপরাধের ইতিহাস এটাই প্রথম নয়। গত ফেব্রুয়ারি মাসেই বেলেঘাটার এক বাসিন্দাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে মারধর করার অভিযোগ উঠেছিল এই রাজুর বিরুদ্ধে। সেই ঘটনায় পুলিশ তাকে গ্রেফতারও করেছিল।

বর্তমানে শুভেন্দু সরকারের কঠোর মনোভাবের জেরে রাজুর তৈরি বেআইনি সাম্রাজ্যে বুলডোজার চলায় একদিকে যেমন স্বস্তিতে এলাকাবাসী, তেমনই কপালে হাত পড়েছে সর্বস্বান্ত হওয়া ফ্ল্যাট ক্রেতাদের। এই ঘটনায় বেলেঘাটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *