আজকের দিনেখেলা

NORWAY VS BRAZIL :হালান্ডের জোড়া গোলে শেষ হেক্সা স্বপ্ন! প্রি-কোয়ার্টার থেকেই বিদায় ব্রাজিলের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউ জার্সি:- আবারও ভেঙে গেল ২৪ বছরের স্বপ্ন। আর্লিং হালান্ডের দাপটে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল (NORWAY VS BRAZIL)। মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শেষের বাঁশির পর কান্নায় ভেঙে পড়েন নেইমার, ভিনিসিয়াসরা। হলুদ জার্সির গ্যালারিও নীরব হয়ে গেল মুহূর্তে।

ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল না ব্রাজিল। নরওয়ে ৪ মিনিটের মাথায় গোল করলেও ওডেগার্ড অফসাইডে থাকায় রক্ষা পায় সাম্বা বাহিনী। এরপরই সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। ১৪ মিনিটে বক্সের মধ্যে মাথেউস কুনহাকে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু ব্রুনো গিমারেজের দুর্বল শট অনায়াসে আটকে দেন নরওয়ে গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড। ১৯৮৬-র পর বিশ্বকাপে এটাই ব্রাজিলের প্রথম পেনাল্টি মিস। আত্মবিশ্বাস তখনই তলানিতে। প্রথমার্ধে ভিনিসিয়াসের একটা জোরালো শটও দুর্দান্তভাবে বাঁচান নিল্যান্ড। নরওয়ের রক্ষণও ছিল জমাট। ফলে গোলশূন্য থেকেই শেষ হয় প্রথম ৪৫ মিনিট।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণের ঝাঁজ বাড়ান কোচ কার্লো আন্সেলোত্তি। ৫৮ মিনিটে এন্ড্রিককে নামিয়ে আক্রমণে ধার আনার চেষ্টা। মাঠে নেমেই একের বিরুদ্ধে এক সুযোগ পেয়েছিলেন তরুণ স্ট্রাইকার, কিন্তু নিল্যান্ডের কাছে হার মানেন। এরপর রায়ানের শটও ফিরিয়ে দেন তিনি। ব্রাজিল যত আক্রমণ করছিল, নরওয়ে ততই পালটা মারার সুযোগ খুঁজছিল। ব্রাজিলের রক্ষণে তখন স্পষ্ট ফাঁক। শেষ অস্ত্র হিসেবে নেইমারকে নামানো হলেও পুরো ম্যাচে তাঁকে সেভাবে খুঁজেই পাওয়া যায়নি।

আর ঠিক তখনই জ্বলে উঠলেন আর্লিং হালান্ড। পুরো ম্যাচে নীরব থাকা এই স্ট্রাইকার ৭৯ মিনিটে মাথা ছুঁইয়ে নরওয়েকে ১-০ এগিয়ে দেন। গোল খেয়ে আরও মরিয়া হয়ে ওঠে ব্রাজিল, কিন্তু রক্ষণের ফাঁক দিয়েই ৯০ মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে ব্যবধান ২-০ করেন হালান্ড। ম্যাচ তখনই শেষ। সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে নেইমার একটা গোল শোধ করেন ঠিকই, কিন্তু সেটা নিতান্তই সান্ত্বনা। এই হারের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেল ব্রাজিলের হেক্সা স্বপ্ন। সেই ২০০২-এর পর ইউরোপীয় অভিশাপ আজও কাটল না। শেষ ৫ বিশ্বকাপেই ইউরোপের কাছে হারল ব্রাজিল।

এই ব্রাজিল দলে শৈল্পিক ফুটবলও ছিল না, ছিল না সেই চেনা গতি। আন্সেলোত্তির কৌশলও কাজে এল না। অন্যদিকে হালান্ড-ওডেগার্ডের নরওয়ে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস লিখল। হেক্সা অধরাই থেকে গেল নেইমারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *