IPL-Cricket : ঘরের মাঠে লখনউকে হেলায় হারালো আরসিবি !
কিউ ইন্ডিয়া বাংলা :- ঘরের মাঠ চিন্নাস্বামী তে প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টকে হেলায় হারালো আরসিবি । মূলত বোলারদের দাপটে বিপক্ষকে নাস্তানাবুদ করতে সক্ষম হয়েছে তারা। ২৯ বল বাকি থাকতে পাঁচ উইকেট এর ব্যবধানে ঋষভ পান্থ এর দলকে হারিয়েছে বেঙ্গালুরু ।
আজ আরসিবি অধিনায়ক রজত পাতিদার টসে জিতে প্রথমে লখনউ সুপার জায়ান্ট কে ব্যাটিং করতে পাঠান । শুরু থেকেই আরসিবি বোলাররা বিপক্ষকে চাপে রাখেন। ছয় ওভারের ব্যাটিং পাওয়ারপ্লেতে মাত্র ৩৫ রান উঠে। আর চতুর্থ ওভারের মধ্যেই প্রথম উইকেট এর পতন হয় । ৮ বলে ১২ রান করে আউট হয়ে যান এইডেন মার্করাম । লখনউ অধিনায়ক ঋষভ পান্থ ও নিকোলাস পুরান আজকেও ব্যর্থ হন। দুই ব্যাটার মাত্র এক রান করে আউট হন। ওপেনার মিচেল মার্শ কিছুটা ধরে খেলার চেষ্টা করেন। তিনি ৩২ বলে ৪০ রান করে আউট হন । আয়ুষ বাদোনি ও মুকুল চৌধুরী দলের ইনিংস কে কিছুটা এগিয়ে নিয়ে যান। এই দুই ব্যাটার যথাক্রমে ৩৮ ও ৩৯ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন দলের স্কোরবোর্ডে। বাকিরা কেউ দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। শেষমেষ ২০ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় লখনউ । আরসিবির হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন রশিখ সালাম , তিনটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার , দুটি উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া এবং একটি উইকেট নেন জোস হেজেলহুড ।
১৪৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে কিছুটা সাবধানী হয়ে খেলা শুরু করে আরসিবির দুই ওপেনার । কিন্তু দ্বিতীয় ওভার শেষ হওয়ার আগেই ওপেনার ফিল সল্ট মাত্র এক রান করে আউট হয়ে যান। দলের ইনিংস কে দায়িত্ব সহকারে এগিয়ে নিয়ে যেতে থাকেন বিরাট কোহলি। কিন্তু মাত্র এক রানের জন্য তিনি আজ অর্ধশতরান মিস করেন । ৩৪ বল খেলে ৪৯ রানে আউট হয়ে যান বিরাট। এরপর দেবদত্ত পাল্লিকাল ১০ রান করেন। তিনি আউট হওয়ার পর আরসিবি অধিনায়ক রজত পাতিদার ও উইকেটরক্ষক ব্যাটার জিতেশ শর্মা কিছুটা দ্রুতগতিতে রান তোলার চেষ্টা করেন । এই দুই ব্যাটার যথাক্রমে ১৩ বলে ২৭ ও ৯ বলে ২৩ রানে আউট হন। তখনো দলের জয়ের জন্য বাকি ছিল ২৫ রান । টিম ডেভিড ও রোমারিও শেফার্ড বাকি রান করে দেন । ২৯ বল বাকি থাকতে পাঁচ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ।
আজকের ম্যাচে জয়ের ফলে আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে পৌঁছে গেল আরসিবি। পাঁচ ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা আট। আগামী ১৮ই এপ্রিল শনিবার তারা দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে ।
