IPL-Cricket : ওয়াংখেড়েতে মহারণ-মুম্বাইয়ের ঘরের মাঠে প্রতিপক্ষ বেঙ্গালুরু !
কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬ এর অন্যতম মেগা হাই ভোল্টেজ ম্যাচ আজকে । মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । ভারতীয় ক্রিকেটের দুই মহীরুহ রোহিত শর্মা বনাম বিরাট কোহলির লড়াই দেখবে ভারত তথা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা । মুম্বাই ইন্ডিয়ান্স এই মুহূর্তে কিছুটা দুর্বল অবস্থায় আছে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান বর্তমানে ৮ নম্বরে । অপরদিকে বেঙ্গালুরু পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে রয়েছে । পরপর দুটি ম্যাচে জয় পাওয়ার পর গত ম্যাচে তারা রাজস্থানের কাছে হেরেছে। মুম্বাইয়ের ঘরের মাঠে তারা জয়ে ফিরতে মরিয়া ।
মুম্বাই ইন্ডিয়ান্স ২০২৬ আইপিএল এর প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলেও বাকি ম্যাচগুলিতে তাদেরকে হারের সম্মুখীন হতে হয়েছে। দিল্লির বিরুদ্ধে ও রাজস্থানের বিরুদ্ধে তারা পরপর হেরেছে । আজকে ঘরের মাঠে তাদের জয়ের রাস্তায় ফিরে আসার লড়াই । মুম্বাই দলের ব্যাটিং লাইন আপ তারকা খচিত । ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার বাঘা বাঘা ব্যাটারদের ভিড়। বেঙ্গালুরুর বিপক্ষে জিততে হলে এই ব্যাটিং লাইনআপ কে জ্বলে উঠতে হবে বিশেষত দলের ওপেনিং জুটিকে । চলতি সিজনে দুই ওপেনার রোহিত ও রায়ান রিক্লেনটন মোটামুটি রান পেয়েছেন তবে তাদেরকে আরো বাড়তি দায়িত্ব নিতে হবে। আর বাকিদের ধারাবাহিক হতে হবে । তিলক বর্মা এখনো পর্যন্ত এবারের আইপিএলে নিজস্ব ছন্দ অনুযায়ী খেলতে পারেননি তাকেও ফর্মে ফিরতে হবে । অধিনায়ক হার্দিক বোলিংয়ে ভালো করলেও ব্যাট হাতে সেভাবে এখনো সাফল্য পাননি । মূলত বলতে গেলে ব্যাটিং বিভাগের বেশ কয়েকটি জায়গায় তাদেরকে উন্নতি করা প্রয়োজন । মুম্বাইয়ের বোলিংয়ের অন্যতম অস্ত্র ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বুমরা। তবে এই সিজনে এখনো পর্যন্ত তিনি উইকেটরা দেখা পাননি যা দলের জয় পাওয়ার পথে অন্য সময় বাধা হয়ে দাঁড়িয়েছে বিগত ম্যাচগুলিতে। শার্দুল ঠাকুর উইকেট পেলেও তিনি অনেক রান খরচ করে ফেলছেন বোলিংয়ের এই ভুল ত্রুটি গুলো শুধরাতে পারলেই ম্যাচ জয়ের সম্ভাবনা আরও বাড়বে।
অপরদিকে বেঙ্গালুর কথা বলতে গেলে তারা এই সিজনে পরপর দুটি ম্যাচ জেতার পর রাজস্থানের কাছে হেরেছে। দলের ব্যাটিং বিভাগে অনেক ব্যাটার ধারাবাহিকভাবে রানের দেখা পেয়েছেন । যা মুম্বাইয়ের বিরুদ্ধে নামার আগে আরসিবি কে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে। ওপেনার ফিল সল্ট এখনো পর্যন্ত ধারাবাহিক নন তিনি তার স্বাভাবিক ছন্দে ফিরে আসলে আরসিবির ব্যাটিং লাইন আপ ধরাছোঁয়ার বাইরে চলে যাবে । অধিনায়ক রজত পাতিদার, দেবদত্ত পাল্লিকাল রানের মধ্যে রয়েছেন । বিরাটদের দলের বোলিংয়ের কথা বলতে গেলে গত ম্যাচে দলের সঙ্গে যোগ দিয়েছেন জোশ হেজেল হুড এবং তিনি দুটি উইকেট ও পেয়েছিলেন । এছাড়া ভুবনেশ্বর কুমার, ক্রুনাল পান্ডিয়া নিয়মিত উইকেটের দেখা পেয়েছেন । আজকে নিজের পুরানো দলের বিরুদ্ধে খেলতে নামবেন ক্রুনাল। ওয়াংখেড়ে স্টেডিয়ামের মাঠ তার কাছে অতি পরিচিত । পুরনো দলের বিরুদ্ধে তিনি কেমন খেলেন সেদিকেও নজর থাকবে ।
এই ম্যাচ ঘিরে ভারতীয় ক্রিকেট মহলে উত্তাপ ক্রমশ বাড়ছে । এবার দেখা যাক এই মেগা হাইভোল্টেজ ম্যাচে শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে ?
