IPL-Cricket : গুজরাটের পেসারদের দাপটে ধুলিস্যাৎ হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ, লজ্জার হার কামিন্সদের !
কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএলের অন্যতম বিস্ফোরক ব্যাটিং লাইন আপ সানরাইজার্স হায়দ্রাবাদের। সেই শক্তিশালী ব্যাটিং লাইন আপকে একপ্রকার গুঁড়িয়ে দিলেন গুজরাট টাইটানসের বোলাররা। মাত্র ৮৬ রানে প্রতিপক্ষকে অলআউট করে দিলেন তারা। যার সৌজন্যে ঘরের মাঠে ৮২ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতলেন শুভমন গিলরা । দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন কাগিসো রাবাডা ।
আজ প্রথমে ব্যাট করতে নামে গুজরাট টাইটানস। ইনিংসের তৃতীয় ওভারে ই অধিনায়ক শুভমন গিল মাত্র পাঁচ রান করে আউট হয়ে যান । অপর ওপেনার সাই সুদর্শন অর্ধশতরান করেন । ৪৪ বলে ৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তিনি আউট হন । জস বাটলারের সংগ্রহ ১১ বলে মাত্র ৭ রান । ১৪ বলে ২২ রানের ইনিংস খেলেন নিশান্ত সান্ধু । খুব একটা দ্রুতগতির ইনিংস কোন ব্যাটারের থেকে দেখা যায়নি। এরই মধ্যে তেত্রিশ বলে অর্ধশতরান করেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর । জেসন হোল্ডার ১১ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে শুভমন গিলের দল। হায়দ্রাবাদের হয়ে দুটি করে উইকেট নেন সাকিব হুসেন এবং প্রফুল হিঙ্গে ।
টার্গেট খুব একটা বড় ছিল না । মাত্র ১৬৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ । দলের দুই ওপেনার ট্রেভিস হেড ও অভিষেক শর্মা, যথাক্রমে শূন্য ও ছয় রানে আউট হন । ঈশান কিষাণ মাত্র ৭ বলে ১১ রান করেন। আজকে হায়দ্রাবাদের হয়ে ডেবিউ করেন সমরণ রবিচন্দ্রন । নবাগত এই ব্যাটার তার আইপিএল অভিষেক স্মরণীয় করতে পারলেন না মাত্র ৯ রানে তিনি আউট হন । হেনরিক ক্লাসেন মাত্র ১৪ রান করতে সক্ষম হন । দলের হয়ে সর্বাধিক ১৯ রান করেন অধিনায়ক প্যাট কামিন্স। মাত্র ৮৬ রানে অলআউট হয়ে যায় হায়দ্রাবাদ। গুজরাটের হয়ে তিনটি করে উইকেট নেন জেসন হোল্ডার এবং কাগিসো রাবাডা । দুটি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং একটি করে উইকেট পান রশিদ খান ও মহম্মদ সিরাজ । গুজরাটের পেসারদের দাপটে অসহায় ভাবে আত্মসমর্পণ করেন হায়দ্রাবাদের বাঘা বাঘা ব্যাটাররা ।
আজকের ম্যাচ হেরে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকলো সানরাইজার্স হায়দরাবাদ। তাদের পরবর্তী ম্যাচ আগামী ১৮ই মে চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে ।
