India-America : ভারত–মার্কিন বাণিজ্য চুক্তিতে মার্চে সই ……
কিউ ইন্ডিয়া বাংলা :- কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামী মাসেই ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হবে। চুক্তির খসড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে তা চূড়ান্ত হওয়ার পর মার্চ মাসে সই হবে। এর আগে, আগামী চার পাঁচ দিনের মধ্যে যৌথ বিবৃতি প্রকাশ করা হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন কথোপকথনের পর ট্রাম্প ঘোষণা করেন, ভারতীয় পণ্যের ওপর চাপানো ২৫% শুল্ক কমিয়ে ১৮% করা হবে। এছাড়া রাশিয়ার থেকে তেল কেনার ক্ষেত্রে অতিরিক্ত ২৫% শুল্কও প্রত্যাহার করা হবে। তবে, রাশিয়ার তেল কেনা বন্ধের বিষয়ে ভারতীয় সরকার এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি। ওয়াশিংটনের হোয়াইট হাউস দাবি করেছে, মোদি–ট্রাম্পের আলোচনায় ভারত রাশিয়া থেকে তেল না কিনে আমেরিকা ও ভেনেজুয়েলার কাছ থেকে বেশি তেল সংগ্রহ করতে সম্মত হয়েছেন।
এ দিকে, বিদেশমন্ত্রী এস জয়শংকর ওয়াশিংটনে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও এবং রাজস্ব সচিব স্কট বেসেন্টের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় বাণিজ্যচুক্তি পরবর্তী কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতা, পারমাণবিক সহযোগিতা, প্রতিরক্ষা, দুর্লভ খনিজ সম্পদ, প্রযুক্তি ও নিরাপত্তা বিষয়গুলোর গুরুত্ব তুলে ধরা হয়েছে। জয়শংকর জানিয়েছেন, দুই দেশ এখন গভীর ও কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বের পথে এগোচ্ছে।
