আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

‘লকডাউন দিলেও ভয় পাই না, কোভিডের মতো লড়ব’: পাণ্ডবেশ্বর থেকে মোদি সরকারকে তীব্র আক্রমণ মমতার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,পাণ্ডবেশ্বর: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে  পাখির চোখ করে প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের জনসভা থেকে একদিকে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও সরবরাহ নিয়ে বিজেপিকে বিঁধলেন, অন্যদিকে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া রুখতে দলীয় কর্মীদের দিলেন কড়া নির্দেশ। ফের দেশে লকডাউন পরিস্থিতি তৈরির জল্পনা নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করে তিনি সাফ জানান, “ওদের আমি বিশ্বাস করি না। তবে কোভিডে যদি লড়াই করতে পারি, এবারও পারব।”

এদিন সভা থেকে রান্নার গ্যাসের বুকিং সংক্রান্ত নয়া নিয়মের আশঙ্কায় সাধারণ মানুষের দুশ্চিন্তার কথা তুলে ধরেন মমতা। তিনি বলেন,  “শুনলাম গ্যাস বুকিংয়ের সময় কমিয়ে ২৫ দিন করা হয়েছে। ২৫ দিনের আগে বুকিং করা যাবে না! গ্যাস ফুরিয়ে গেলে মানুষ খাবে কী?”  কেন্দ্রীয় সরকারের ‘অ্যালার্ট’ প্রসঙ্গে তিনি বলেন, আবার নাকি লকডাউনের মতো পরিস্থিতি তৈরির কথা ভাবা হচ্ছে। তবে তাঁর স্পষ্ট বার্তা, বাংলার মানুষ কোনো ভয় পায় না। ভোটার তালিকায় লক্ষ লক্ষ মানুষের নাম ‘বিচারাধীন’ থাকা এবং সাপ্লিমেন্টারি লিস্টে নাম না ওঠা নিয়ে ফের গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী। তাঁর ক্ষোভ, “তিনদিন আগে তালিকা প্রকাশিত হলো, কিন্তু এখনো কেন সব জায়গায় লিস্ট টাঙানো হলো না? এর উত্তর দিতে হবে।” তিনি আরও দাবি করেন যে, বিচারাধীন তালিকায় থাকা ব্যক্তিদের নাম যদি শেষ পর্যন্ত যুক্ত হয়, তবে তা তৃণমূলের আন্দোলনেরই ফসল। কারণ দল এই নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছে।

যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের পাশে দাঁড়াতে মঞ্চ থেকেই কর্মীদের একগুচ্ছ নির্দেশ দেন তৃণমূল নেত্রী।  এলাকায় যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের থেকে প্রয়োজনীয় সমস্ত নথি সংগ্রহ করতে হবে। ওই ব্যক্তিদের ট্রাইব্যুনালে পাঠানোর জন্য দলের পক্ষ থেকে বিনা পয়সায় উকিলের ব্যবস্থা করতে হবে।  একজন মানুষের নামও যাতে বাদ না যায়, তা নিশ্চিত করতে সংগঠকদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *