হায়দ্রাবাদ এর ঘরের মাঠে প্রতিপক্ষ চেন্নাই , খেলবেন কি ধোনি ?
কিউ ইন্ডিয়া বাংলা:- ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদ এর প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। আজ শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। পরপর দুটি ম্যাচে জিতে হারানো আত্মবিশ্বাস কিছুটা ফিরে পেয়েছে চেন্নাই। অপরদিকে ইশান কিষান এর দল পরপর দুই ম্যাচে হারার পর শেষ ম্যাচে জিতে কিছুটা হারানো ছন্দ ফিরে পাওয়ার মুখে। এই ম্যাচ ঘিরে ক্রমশ উত্তাপ বাড়ছে কারণ চেন্নাই দলের সঙ্গে হায়দ্রাবাদে এসেছেন ক্যাপ্টেন কুল। যা নিয়ে ক্রিকেট প্রেমীরা বিশাল উত্তেজিত । প্রশ্ন হচ্ছে তিনি কি খেলবেন আজকের এই ম্যাচে ?
সানরাইজার্স হায়দ্রাবাদ এবারের আইপিএলে এখনো পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে । গত ম্যাচে রাজস্থান রয়্যালস এর বিপক্ষে ৫৭ রানে জয় পেয়েছে । রাজস্থান এবারের আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছে। তাদেরকে গত ম্যাচে হায়দ্রাবাদ হারিয়ে তাদের আত্মবিশ্বাস ভালো জায়গায় রয়েছে। জয় পেলেও বেশকিছু বিষয় নিয়ে দল অস্বস্তিতে রয়েছে । তাদের দলের সব থেকে বড় চিন্তা এই মুহূর্তে তাদের বিস্ফোরক ওপেনার জুটি অভিষেক শর্মা ও ট্রেভিস হেড এখনো পর্যন্ত এই মরশুমে সেভাবে জ্বলে উঠতে পারেননি, যার ফল ভুগতে হয়েছে দলকে কারণ ওপেনাররা ভালো শুরু না করায় দলের মিডল অর্ডারের ওপর চাপ পড়েছে। হেনরিক ক্লাসেন ও অধিনায়ক ঈশান কিষান রানের মধ্যে রয়েছেন । যা দলের অন্যতম ইতিবাচক দিক । তবে ঘরের মাঠে খেলা হলেও বিপক্ষের নাম চেন্নাই আর তাদের বোলিং বিভাগে বেশ কিছু কার্যকরী বোলার আছে সেদিক থেকে বাড়তি সতর্ক হতে হবে হায়দ্রাবাদের ব্যাটারদের । বিগত ম্যাচে রাজস্থানের বিপক্ষে হায়দ্রাবাদ একইসঙ্গে বেশ কিছু আনক্যাপড ক্রিকেটারকে একসঙ্গে প্রথম একাদশে নামায় বিষয়টি নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট এর প্রশংসা করেছেন । এই দলের বোলিং বিভাগের কথা বলতে গেলে গত ম্যাচে তাদের অন্যতম আবিষ্কার অনামী দুই ফাস্ট বোলার প্রফুল হিঙ্গে ও সাকিব হুসেন । এই দুই বোলার প্রায় একার হাতেই রাজস্থানকে হারিয়ে দিয়েছিলেন । চেন্নাই এর বিপক্ষেও তারা কেমন খেলেন সেদিকে নজর থাকবে সকলের ।
অপরদিকে চেন্নাই সুপার কিংসের কথা বলতে গেলে তারা প্রথম দিকের কয়েকটি ম্যাচ হারলেও শেষ দুটি ম্যাচে পরপর জয় পেয়েছে । দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে পরপর জয় পেয়েছে তারা। জয়ের ধারাকে অব্যাহত রাখাই তাদের একমাত্র লক্ষ্য। হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাই দলে যোগ দিয়েছেন তাদের পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবার তিনি প্রথম একাদশে থাকবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয় তবে ধোনি যোগ দেওয়ায় দল বাড়তি আত্মবিশ্বাস পাবে । চেন্নাইয়ের ওপেনার সঞ্জু স্যামসন প্রথম দিকের কয়েকটি ম্যাচে রান না পেলেও তিনি ছন্দে ফিরেছেন। তবে চেন্নাই দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড প্রতি ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন। অধিনায়কের ব্যাটে রান আসা জরুরী । চেন্নাইয়ের অন্যতম ধারাবাহিক দুই ব্যাটার সরফরাজ খান ও আয়ুষ মাত্রে আজকেও তারা কেমন খেলেন সেদিকে নজরে থাকবে ।
চেন্নাইয়ের বোলিং এর কথা বলতে গেলে গত ম্যাচে কলকাতার বিপক্ষে অংশুল কাম্বোজ দুর্দান্ত পারফর্ম করেছিলেন । তিনি চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার । এখনো পর্যন্ত তিনি দশটি উইকেট নিয়েছেন । বাকিদের মধ্যে জেমি ওভারটন কিছুটা ফর্মে ফিরেছেন । তবে চেন্নাই এর বোলারদের আরো ধারালো হতে হবে যদি টুর্নামেন্টে ভালো ফলাফল করতে হয় ।
এবার দেখার অপেক্ষায় হায়দ্রাবাদের ঘরের মাটিতে শেষ পর্যন্ত কারা জয়লাভ করে ? ঈশান কিশান না ঋতুরাজ গায়কোয়াড কে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসেন?
